২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে কর্মচারীকে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ কিছু মানুষ বাজির মোড়ে গিয়ে আবাসিক হোটেল নিরালায় ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 02:42 PM

Updated : 23 Sep 2026, 02:42 PM

নরসিংদীতে বিনামূল্যে মদ না দেয়ায় মদের দোকানের কর্মচারীকে পেট্রোল ঢেলে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্বজন ও স্থানীয়রা।

বুধবার সকালে ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ব্যানারে নরসিংদী পৌরসভার সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, দগ্ধ তানভীর হোসেন রাব্বির বাবা মনির হোসেন, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ কিছু মানুষ বাজির মোড়ে গিয়ে আবাসিক হোটেল নিরালায় ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান নরসিংদী সদর থানার ওসি এ আর এম আল মামুন।

এর আগে শনিবার দুপুর ১২টার দিকে নরসিংদী পৌর শহরের বাজির মোড় এলাকায় লাইসেন্সধারী দেশিয় মদের দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, বাজির মোড়ের আবাসিক হোটেল নিরালার মালিক জাহাঙ্গীর সরকারের ছেলে জাহিদ সরকারসহ কয়েকজন বিনামূল্যে ১০ লিটার মদ না পেয়ে ওই মদের দোকানের কাউন্টারে গিয়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে চলে যায়।

এতে দোকানের কাউন্টারের ভেতরে থাকা তানভীর হোসেন রাব্বি (৩১) দগ্ধ হন। পরে গুরতর আহত অবস্থায় তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন।

এ ঘটনায় রোববার নরসিংদী সদর মডেল থানায় দুজনের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে বলে জানান ওসি এ আর এম আল মামুন।