কৃষি জমি থেকে বালু ও মাটি নিলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
কোন জমিতে কী ফসল ফলান যাবে, সে বিষয়ে আগামী ৫০ দিনের মধ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য স্থানীয় কৃষি বিভাগকে নির্দেশ দেন মন্ত্রী।
যারা বালু ও মাটি তুলে ফসলি জমি নষ্ট করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ।
শনিবার দুপুরে নিজ নির্বাচনি এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে কৃষক ইন্দুভূষণ পালের বাড়িতে এক উঠান বৈঠকে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে বৈঠকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজারের উপ পরিচালক সামসুদ্দিন আহমদ, জেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিনসহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কয়েকশ কৃষক ছিলেন।
কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় পর ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সারা দেশের কৃষকদের সঙ্গে পর্যায়ক্রমে উঠান বৈঠক করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন মো. আব্দুস শহীদ। এরই অংশ হিসেবে শনিবার শ্রীমঙ্গলে প্রথম উঠান বৈঠক করলেন তিনি।
আমন ধান কাটার পর গ্রামের জমি এখনো কেন পতিত পড়ে আছে, কৃষকদের কাছে সে বিষয়ে বিস্তারিত শুনেন মন্ত্রী।
এ সময় তিনি চাষযোগ্য পতিত জমিকে কীভাবে চাষের আওতায় আনা যাবে, কোন জমিতে কী ফসল ফলান যাবে, সে বিষয়ে আগামী ৫০ দিনের মধ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য স্থানীয় কৃষি বিভাগকে নির্দেশ দেন মন্ত্রী।
একইসঙ্গে সেচের সমস্যা নিরসনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-বিএডিসিকে কর্মপরিকল্পনা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
শ্রমিক সংকট নিরসনে ভর্তুকি মূল্যে আরো বেশি করে কৃষি যন্ত্রপাতি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “আমাদের চাষযোগ্য জমি অনেক। এখন বোরোর মৌসুম, অথচ আমন ধান কাটার পর এখানে সব জমি পতিত পড়ে আছে। এসব জমিকে কীভাবে কাজে লাগানো যায়, সে উপায় খুঁজে বের করতে হবে।”
মন্ত্রী বলেন, “কৃষকদের সঙ্গে উঠান বৈঠক করে স্থানীয় পর্যায়ে কী কী সমস্যা আছে, তা জেনে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে লক্ষ্য এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না, তা অর্জন করে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও দেশকে খাদ্যে উদ্বৃত্ত করব।”
কৃষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “আপনারা আরো বেশি করে ফসল ফলান। সরকার আপনাদের পাশে আছে, কৃষি মন্ত্রণালয়ের সব স্তরের কর্মকর্তা আপনাদের পাশে আছে। আপনাদের প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে। উৎপাদন আরো বাড়াতে পারলে কারো পেটে ক্ষুধা থাকবে না, খাদ্য আমদানি করতে হবে না, বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হবে না।”
বৈঠকে ইন্দুভূষণ পাল, উত্তম দেবনাথ, আতর আলী, মহিববুর রহমান নামে কয়েকজন কৃষক তাদের সমস্যা ও দাবি তুলে ধরেন।
কৃষকেরা গভীর নলকূপ স্থাপন, খাল খনন, স্লুইসগেইট সংস্কার ও নদী-জলাশয় দখলদার মুক্ত করে সেচের ব্যবস্থা, দেশি জাতের বদলে বিএডিসির উন্নত জাতের আলু বীজ সরবরাহ বৃদ্ধি, সূর্যমুখী, ভুট্টা ও সরিষার চাষ হয় না এমন জমির জন্য লাউ, কুমড়া, আলু চাষে প্রণোদনা, ভরা মৌসুমে আনারস, লেবুর ন্যায্যমূল্য পেতে শ্রীমঙ্গলে জুস ফ্যাক্টরি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান স্থাপনের দাবি জানান।
এছাড়া, ভর্তুকি মূল্যে ছোট ছোট কৃষি যন্ত্র দেওয়ার দাবি জানান তারা, যেন কৃষক নিজেই যন্ত্র চালাতে পারেন এবং তাদের ঘরেই প্রয়োজনীয় কৃষিযন্ত্রের মজুত থাকে।
