মাদারীপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির জেরে সংঘর্ষ, আহত ১০
ওসি জানান, কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদারীপুর সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির জেরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
শুক্রবার সকালে ছিলারচর ইউনিয়নের পশ্চিম ছিলারচর গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।
ওসি মনোয়ার জানান, পশ্চিম ছিলারচর গ্রামের এক তরুণ বৃহস্পতিবার বিকালে প্রতিবেশী অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর বাবা মা ঘরে না থাকার সুযোগে ওই মেয়েটির ঘরে প্রবেশ করে তাকে শ্লীলতাহানি করে।
রাতে বাবা-মা বাড়িতে ফিরলে মেয়েটি বিষয়টি তাদের জানায়। এই নিয়ে বৃহস্পতিবার রাত থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।
শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন- মহিবুল শিকদার (৩৫), মিজান শিকদার (৪২), সেলিম (৩০), তুফান ফকির (৪০), রানু বেগম (৫০), রিনা বেগম (৩০) বাহাতুন বেগম (৫০) শাহাবুদ্দিন শিকদার (৫০), আজাহার শিকদার (৪৫) ও সালাউদ্দিন খান (৩২)।
তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, এখনো পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
