হজ পালনে সাইকেল চালিয়ে মক্কার পথে গাইবান্ধার আইয়ুব
দিনাজপুরের হিলি দিয়ে ভারতে প্রবেশের পর পাকিস্তান, আফগানিস্তান ও ইরান হয়ে মক্কায় পৌঁছাতে ছয় মাস লাগতে পারে বলে জানান ৬৫ বছরের আইয়ুব।
হজ পালন করতে বাইসাইকেল চালিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আইয়ুব আলী আকন্দ।
বুধবার সকালে নিজ বাড়ি উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজীপাড়া গ্রাম থেকে ৬৫ বছর বয়সি আইয়ুব যাত্রা শুরু করেন।
বৃহস্পতিবার বিকালে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মুনজুরুল ইসলাম রেজওয়ান জানান, এতক্ষণে আইয়ুবের দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পৌঁছানোর কথা।
পেশায় সাইকেল মেকানিক আইয়ুবের এক স্ত্রী, এক মেয়ে ও চার ছেলে রয়েছে বলে জানান তিনি।
যাত্রা শুরুর আগে আইয়ুব আলী সাংবাদিকদের জানান, বিমান ভাড়া দেওয়ার মতো আর্থিক সামর্থ্য তার নেই। এ কারণে মনের ইচ্ছা পূরণে বাইসাইকেল চালিয়েই মক্কার উদ্দেশে তিনি রওনা করেন।
যাত্রা পথে প্রয়োজনীয় সকল জিনিসপত্রসহ টাকা পয়সা নিয়েছেন বলে জানান তিনি।
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর পাকিস্তান, আফগানিস্তান ও ইরান হয়ে মক্কায় পৌঁছাতে তার ছয় মাস সময় লাগবে বলে জানান আইয়ুব।
তিনি আরও বলেন, “প্রতিদিন কমপক্ষে ৬০ থেকে ৭০ কিলোমিটার পথ সাইকেল চালাতে পারলে নির্ধারিত সময়ের মধ্যে মক্কায় পৌঁছতে পারব। পথে রাত যাপন করব মসজিদে। বাকিটা আল্লাহর উপর ভরসা।”
আইয়ুব আলীর ছেলে বেলাল উদ্দিন আকন্দ বলেন, “বাবা বাইসাইকেলে করে হজ পালন করতে সৌদি আরব যাওয়ার জন্য ছয় মাস ধরে ঢাকা, ময়মনসিংহ ও রংপুর ঘুরে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন।”
প্রয়োজনীয় সব কাগজপত্র, পাসপোর্ট ও ভিসা পাওয়ার পর বুধবার সকালে তিনি রওয়া দিয়েছেন বলে জানান তিনি।
