২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কুয়াশা যেমন বাড়িছে শীতও বেশি লাগেছে’

গ্রামাঞ্চল এবং নদীতীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা ও শীতের তীব্রতা বেশি; সকাল ১০টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক।

‘কুয়াশা যেমন বাড়িছে শীতও বেশি লাগেছে’

ঠাণ্ডায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছে দিনমজুররা।

সাইফুল আলম বাবু

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2022, 01:33 AM

Updated : 16 Dec 2022, 01:33 AM

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ। শীতের শুরুতে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়।

গ্রামাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা ও শীতের তীব্রতা বেশি। সকাল ১০টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক।

বৃহস্পতিবার অনেক যানবাহনকে দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা না হলেও গত শনিবার থেকে বুধবার পর্যন্ত টানা পাঁচদিন সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছিল। বুধবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

কুয়াশায় রোদের তীব্রতা কমে শীত বেশি অনুভূত হচ্ছে।

Image

কুয়াশার কারণে দিনের বেলায়ও গাড়িকে হেডলাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে।

ডিসেম্বরের শেষে তাপমাত্রা আরও কমবে এবং তেঁতুলিয়া-পঞ্চগড়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে রাসেল শাহ জানান।

স্থানীয় বাসিন্দা হাশমত আলী (৬০), আহমেদুল হক (৫৮) বলেন, গত কয়েকদিনে শীতের প্রকোপ বেড়ে গেছে। কৃহস্পতিবার অনেক এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে।

পুরো হেমন্তজুড়ে তাপমাত্রা কমতে থাকলেও কুয়াশার পরিমাণও কম ছিল।

বর্তমানে ঘন কুয়াশা হাড় কাঁপানো শীতের বার্তা দিচ্ছে বলে অনেক প্রবীণ মনে করেন।

হাশমত আলী (৬০) বলেন, পুরা অগ্রহায়ণ মাসে তেমন শীত মনে হয়নি। এখন তো গরম কাপড়চোপড়েও যেন শীত যায় না – এমন অনুভূতি হচ্ছে। আর কুয়াশা এত ঘন যে একটু দূরেও কিছু দেখা যায় না।

Image

শীতের কারণে রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। 

শহরের সিবএন্ডবি এলাকার পাথর শ্রমিক হাফিজান বেগম (৪৩) বলেন, “গত দুইদিন থেকে কুয়াশা যেমন বাড়িছে শীতও বেশি লাগেছে। বেশি সকালে কাজত [কাজে] আসা যায় না। হাত পা ঠান্ডাত [শীতে] জড়ো [সংকুচিত] হয় আচ্চে [আসছে]।”

এদিকে শীত মোকাবেলায় জেলার পাঁচ উপজেলায় দরিদ্র শীতার্ত এবং নিম্ন আয়ের মানুষদের মাঝে ২২ হাজারের বেশি কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

প্রয়োজনে আরও চাহিদা জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে বলেও তিনি জানান।