১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধর, নৌকার বিরুদ্ধে অনুসন্ধান কমিটিতে নালিশ

নৌকার প্রার্থী চয়ন ইসলামের সমর্থকরা কালু ফকিরকে মারধর করায় তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে, বলে অভিযোগে বলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 08:09 PM

Updated : 26 Dec 2023, 08:27 PM

সিরাজগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে নৌকার লোকজন মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে উপজেলার পারকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) হালিমুল হক মিরু অভিযোগ করেছেন।

মিরু জেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক এবং শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র।

শাহজাদপুর উপজেলার পারকোলা উত্তরপাড়ার তরাফ ফকিরের ছেলে কালু ফকিরকে মারধরের ঘটনায় সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বলে মিরু নিজেই জানিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, নৌকার প্রার্থী চয়ন ইসলামের তিন সমর্থক মিলে কালু ফকিরকে মারধর করায় তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে এবং হাত কেটে গেছে।

“নৌকার সমর্থকরা শুধু স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর করছে তা নয়, পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।”

অভিযোগের বিষয়ে জানতে নৌকার প্রার্থী চয়ন ইসলামের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও সাড়া দেননি তিনি।

তবে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবদুল হামিদ লাভলু বলেন, “স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ দেওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই; তাই হয়তো দিয়েছেন। এমন ঘটেছে কি-না জানি না, শুনে জানাবো।”