নরসিংদীতে ‘ফোনে ডেকে নিয়ে’ যুবকের কব্জি কর্তন
সাবেক ইউপি সদস্য বলেন, “আমার শ্যালক আরিফ ঘটনাটি ঘটিয়েছে সত্য; কিন্তু আমি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নই।”
নরসিংদীর পলাশে ফোনে ডেকে নিয়ে কুপিয়ে এক যুবকের কব্জি কাটার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামের উকিল বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই খায়রুল ইসলাম জানান।
আহত শফিকুল ইসলাম (৩২) ওই ইউনিয়নের দাম্মাবাড়ি গ্রামের মফেজ আলীর ছেলে।
তার বড়ভাই রবিউল মিয়া জানান, গত বুধবার কোনো একটি বিষয় নিয়ে শফিকুলের সঙ্গে ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কামাল হোসেনের শ্যালক আরিফ মিয়ার কথা কাটাকাটি হয়। এটির সমাধান করে দেওয়ার কথা বলে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কামাল হোসেন ফোনে শফিকুলকে জয়নগর গ্রামে ডেকে নেন।
রবিউল আরও জানান, সেখানে আগে থেকেই ওত পেতে থাকা আরিফসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে শফিকুলকে এলোপাতাড়ি কোপায়। এতে তার বাঁ হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা শফিকুলকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সাবেক ইউপি মেম্বার কামাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ঘটনার সঙ্গে শ্যালকের জড়িত থাকার কথা স্বীকার করলেও তার নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, “আরিফ ঘটনাটি ঘটিয়েছে সত্য; তবে আমি এর সাথে কোনোভাবেই জড়িত নই। আমি বরং শামীম নামের স্থানীয় এক ব্যক্তিকে দিয়ে শফিকুলকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।”
এএসআই খায়রুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।
