ঝালকাঠিতে নিখোঁজ শিশুর মরদেহ মিলল ডোবায়
গত বৃহস্পতিবার সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল বলে জানায় তার স্বজনরা।
ঝালকাঠির নলছিটি উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা গ্রামে এ ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান জানান।
নিহত দুই বছর বয়সি মো. সামিউল ইসলাম ওই গ্রামের মো. কামাল হোসেনের ছেলে।
শিশুটির স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। শুক্রবার দুপুরে বাড়ির পাশের ডোবার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেহেতু শিশুটি নিখোঁজ ছিল তাই পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
