কুড়িগ্রামে ধরলার শাখায় ধরা পড়ল ‘ইল ফিস’
চার কেজি ওজনের ইল ফিসটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ ফুট বলে জানা গেছে।
কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলার শাখা নদীতে ধরা পড়ল চার কেজি ওজনের ইল ফিস।
বুধবার সকালে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় খিরাই নদীতে খড়া জালে মাছটি ধরা পড়ে। এর দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ ফুট।
মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায় শিকারির বাড়িতে।
স্থানীয় রবিউল ইসলাম বলেন, ওই নদীতে যৌথভাবে খড়া জাল দিয়ে মাছ ধরতে যান হোসেন আলী, আনোয়ার হোসেন, আব্দুল করিম ও মানিক মিয়া নামে চার জন।
বুধবার সকালে তাদের জালে ইল ফিস নামের মাছটি ধরা পড়ে। তারা মাছটিকে বাড়িতে নিয়ে এলে এক নজর দেখার জন্য এলাকার মানুষ ফারুকের বাড়িতে ভিড় জমায়।
মাছ শিকারি ফারুক হোসেন জানান, এমন মাছ তিনি এই প্রথম দেখেছেন।
“খোঁজ-খবর নিয়ে জানলাম, মাছটি খাওয়া যাবে।”
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. মোক্তাজির খান বলেন, “এ মাছ সমুদ্রের উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়। কোনো কারণে হয়তো মাছটি এখানে চলে এসেছে। এসব মাছ খাওয়া যায়।”
