জাজিরায় হত্যার দায়ে ১২ জনের যাবজ্জীবন
জমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়।
শরীয়তপুরের জাজিরা উপজেলায় একজনকে কুপিয়ে হত্যার দায়ে ১২ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
শরীয়তপুরের জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
তাছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাদের আরও ছয় মাস কারাগারে রাখারও রায় দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন আজিজুল মাদবর, রফিক মাদবর, লিটন মাদবর, মান্নান মাদবর, আবদুল আলীম মাদবর, মফিজ মৃধা, তারন ফরাজি, নুরুল হক মাদবর, জুলহাস মাদবর, আলা উদ্দিন ফকির, আবদুল বারেক মাদবর ও মনির মাদবর।
আদালতের পিপি মীর্জা হজরত আলী মামলার নথির বরাতে জানান, জাজিরা উপজেলার খোড়াতলা এলাকার আবদুস সামাদ মাদবর ও একই উপজেলার আজিজুল মাদবরের মধ্যে জমিজমার ভাগ নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে মামলাও চলছিল। ২০১৫ সালের ১ অক্টোবর রাতে সামাদকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ ঘটনায় সামাদের ছেলে শাহ জালাল ১৪ জনকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করেন। সিআইড তদন্ত করে ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
পিপি বলেন, মামলায় ১১ জনের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত ১২ আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় দিল।
আসামিপক্ষে মামলায় পরিচালনা করেন আইনজীবী মো. শাহ আলম। সরকারপক্ষে ছিলেন পিপি মীর্জা হজরত আলী।
শাহ আলম বলেন, তারা ন্যায় বিচার পাননি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।
তবে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়ে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে বলে পিপি হজরত আলী জানিয়েছেন।
