২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বোনকে পরীক্ষার কেন্দ্রে দিয়ে বাড়ি ফিরছিলেন, কভার্ডভ্যান কাড়ল প্রাণ

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2024, 05:20 PM

Updated : 22 Feb 2024, 05:45 PM

নরসিংদীর মনোহরদী উপজেলায় কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক কিশোর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ড গরু বাজার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মনোহরদী থানার ওসি মো. আবুল কাশেম ভূইয়া জানান।

নিহত ১৮ বছর বয়সী সোহাগ মিয়া উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী গ্রামের অহিদ উদ্দিনের ছেলে এবং নরসিংদী প্রেসিডেন্সি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

স্থানীয়দের বরাতে ওসি কাশেম বলেন, “এসএসসি পরীক্ষার্থী ছোট বোনকে পরীক্ষার কেন্দ্রে নামিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোহাগ। পথে তার সামনে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে পাশ কাটানোর চেষ্টা করেন।

“এ সময় সোহাগ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন কভার্ডভ্যানটি আটক করে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে জানিয়ে এ কর্মকর্তা বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। কভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।