২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ল্যাব অপারেটর পদে আমি ১৭ লাখ দিয়েছিলাম, আরেকজন ২৭ লাখে চাকরি পেয়েছে ‘

নওগাঁর মান্দা উপজেলার কশব উচ্চবিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

‘ল্যাব অপারেটর পদে আমি ১৭ লাখ দিয়েছিলাম, আরেকজন ২৭ লাখে চাকরি পেয়েছে ‘

নওগাঁর মান্দা উপজেলার কশব উচ্চবিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 11:53 PM

Updated : 11 Oct 2022, 12:25 AM

নওগাঁর মান্দা উপজেলার কশব উচ্চবিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে প্রধান শিক্ষক ও সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে ‘টাকা দিয়েও নিয়োগ বঞ্চিত’ কয়েকজন উপস্থিত ছিলেন। 

স্থানীয়রা জানান, কশব উচ্চবিদ্যালয়ে অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, নিরাপত্তা কর্মী, নৈশপ্রহরী ও আয়াপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৬ আগস্ট ওইসব পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধন চলাকালে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম বলেন, “আমার ভাইপোর স্ত্রী হোসনে আরাকে আয়া পদে নিয়োগ দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক ও সভাপতি ১০ লাখ টাকা চুক্তি করেন। নিয়োগ বোর্ডের আগেই তাদের হাতে সাত লাখ টাকা তুলে দেওয়া হয়। কিন্ত ১৩ লাখ টাকার বিনিময়ে ওই পদে আসমা খাতুন নামে অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।” 

কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া জাহাঙ্গীর আলম বলেন, “আমাকে চাকরি দেওয়ার চুক্তিতে প্রতিষ্ঠানের অনুকূলে জমি কিনে দিয়েছি। সেই জমিতে তিনতলা ভবন নির্মাণ হয়েছে। জমি কেনাসহ কয়েক দফায় আমার কাছ থেকে ১৭ লাখ নেন প্রধান শিক্ষক মোবারক আলী সরদার। কিন্তু আমাকে ওই পদে নিয়োগ না দিয়ে ২৭ লাখ টাকার বিনিময়ে কামরুজ্জামান তোতাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি এ নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি করছি।” 

বক্তারা দাবি করেন, প্রতিষ্ঠানের সভাপতি ফজলুর রহমান ও প্রধান শিক্ষক যোগসাজস করে পাঁচ পদে ৮৭ লাখ টাকা নিয়োগ বাণিজ্য করেছেন। এসব টাকা প্রতিষ্ঠানের তহবিলে জমা হয়নি। 

এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী সরদার সাংবাদিকদের বলেন, “বিধিগত প্রক্রিয়ায় নিয়োগ বোর্ড সম্পন্ন করা হয়েছে। এখানে কোনো বাণিজ্য হয়নি। নিয়োগ বঞ্চিতরা এলাকার লোকজনদের নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করছে।” 

বিদ্যালয়ের সভাপতি ফজলুর রহমানের মোবাইল ফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। 

মানববন্ধনে আরও বক্তব্য দেন কশব উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুস সালাম, চাকরি প্রার্থী মহান আলী সরকার, স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান, আলাউদ্দিন সরকার, রুস্তম আলী, জাহানারা বেগম।