বরিশালে আবাসিক হোটেলে তরুণের লাশ
জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল কক্ষ থেকে তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার এসআই আরাফাত হাসান জানান, রোববার দুপুরে নগরীর পোর্ট রোডের আবাসিক হোটেল ‘রোজ হ্যাভেন’ থেকে লাশটি উদ্ধার করেন তারা।
মৃত ২২ বছর বয়সী মোহাম্মদ হৃদয় মৃধা উজিরপুর উপজেলার হাবিবপুর মৃধা বাড়ির আবুল কাশেম মৃধার ছেলে।
এসআই আরাফাত হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বেলা ১১টার দিকে হৃদয় হোটেলের ২০৪ নম্বর কক্ষটি ভাড়া নেন। রোববার বেলা ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ গিয়ে ওই কক্ষের জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে।
হোটেলের রেজিস্ট্রার খাতায় মৃতের নাম সঠিক লেখা থাকলেও বাবার পরিচয় এবং ঠিকানা ভুল দেওয়া হয়েছে। সেখানে তার মোবাইল নম্বরও উল্লেখ নেই বলে জানান আরাফাত।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
