২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আওয়ামী লীগ ভারতের দালাল’ এটি অপপ্রচার: খাদ্যমন্ত্রী

“আপনার বাড়িতে আগুন লাগলে এক বালতি জল নিয়ে প্রথমে পাশের বাড়ির লোকেরাই আসবে।”

‘আওয়ামী লীগ ভারতের দালাল’ এটি অপপ্রচার: খাদ্যমন্ত্রী

‘ইন্ডিয়া-বাংলাদেশ ফেন্ডশিপ সেলিব্রেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 06:47 PM

Updated : 22 Dec 2022, 06:47 PM

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কেউ কেউ আওয়ামী লীগকে ‘ভারতের দালাল’ আখ্যা দেন, সেটি আদতে একটি ‘অপপ্রচার’।

বৃহস্পতিবার রাজশাহীতে ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফেন্ডশিপ সেলিব্রেশন’ অনুষ্ঠানে তিনি বলেন, “আওয়ামী লীগ ভারতের দালাল নয়, তারা আমাদের অকৃত্রিম বন্ধু।”

নবনিযুক্ত ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার মনোজ কুমার রাজশাহী মহানগরীর একটি সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী।

রাজশাহীর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও মেয়রপত্নী শাহীন আক্তার রেনী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নওশের আলীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশের একটি রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে খাদ্যমন্ত্রী বলেন, “প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব রাখবেন না, রাখবেন সাত সমুদ্র তেরো নদীর ওপারে, এটা হতে পারে না।

“বন্ধুত্ব সবার সঙ্গেই থাকবে। কিন্তু অকৃত্রিম বন্ধুত্ব প্রতিবেশীদের মধ্যেই হয়। কারণ আপনার বাড়িতে আগুন লাগলে এক বালতি জল নিয়ে প্রথমে পাশের বাড়ির লোকেরাই আসবে।”

অনুষ্ঠানে মনোজ কুমার বলেন, “১৯৭১ সালের আজকের এ দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য ভারত বিভিন্ন দেশের কাছে প্রস্তাব করে। তাই এ দিনটি স্মরণ করতে এ আয়োজন।

“বাঙালিরা অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছেন। আজ আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।”

আলোচনার পর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।