কুমিল্লা কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু
ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া মোতালেব গত বছরের ১৪ জুলাই থেকে কারাগারে ছিলেন বলে জানায় কারাকর্তৃপক্ষ।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজা পাওয়া এক আসামির মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে কুমিল্লা কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান।
মৃত মোতালেব হোসেন (৫০) সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকার আলী আহমেদের ছেলে।
মঙ্গলবার জেল সুপার মামুন জানান, সোমবার দুপুর ১২টার দিকে মোতালেন হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে কার্ডিওলজি ওয়ার্ডে ভর্তি করা হয়। বিকালে তিনি মারা যান। তিনি হৃদ্রোগে ভুগছিলেন।
ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া মোতালেব ২০২২ সালের ১৪ জুলাই থেকে কারাগারে বন্দি ছিলেন বলে জানান তিনি।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেল সুপার।
