রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলায় ১৭ জনের বিরুদ্ধে মামলা
এরই মধ্যে দুই কর্মচারীকে বরখাস্ত করেছে বিএমডিএ
রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার রাতে হামলার শিকার এটিএন নিউজের প্রতিবেদক বুলবুল হাবিব বাদী হয়ে মামলাটি করেন বলে রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান।
তিনি আরও বলেন, মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আট থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ছাড়া ভিডিও ফুটেজ দেখে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
আসামিরা হলেন- বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ (৫৫), ভাণ্ডার রক্ষক মো. জীবন (৪২), নির্বাহী পরিচালকের দপ্তরের অফিস সহকারী সেলিম (৪১), নির্বাহী পরিচালকের একান্ত সহকারী নুরুল ইসলাম (৪৫), আনসার সদস্য এনামূল (৩৫), অফিস সহকারী ফারুক (৪০) ও গাড়িচালক আব্দুস সবুর (৪২)।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর আমবাগান এলাকায় বিএমডিএর কার্যালয়ে হামলায় এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হওয়ার প্রতিবাদে রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে বেলা ৩টার দিকে সাংবাদিক নেতাদের নিয়ে নিজ কার্যালয়ে বৈঠক করেন বিএমডিএর চেয়ারম্যান আক্তার জাহান।
এরপর ভাণ্ডার রক্ষক মো. জীবন (৪২) ও গাড়িচালক আব্দুস সবুরকে (৪২) সাময়িক বরখাস্ত করা হয়।
হামলার শিকার বুলবুল হাবিব বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৮টায় অফিস শুরু হওয়ার কথা। সেই নির্দেশনা কতটুকু কার্যকর হয়েছে সেটির খবর নিতে সকালে তারা বিএমডিএ কার্যালয়ে যান। সকাল ৮টা ২০ মিনিটের দিকে বিএমডিএর নির্বাহী পরিচালক (ইডি) আব্দুর রশিদ অফিসে প্রবেশ করেন। প্রবেশের পরপরই সাংবাদিক দেখে তিনি উত্তেজিত হয়ে যান।
বুলবুল আরও বলেন, “এক পর্যায়ে তিনি দ্বিতীয় তলায় তার দপ্তরে ওঠে যান। কিছুক্ষণ পর আট থেকে ১০ জন লোক আমাদের ঘিরে ধরে এলোপাতাড়ি হামলা চালিয়ে ক্যামেরা ও এটিএন নিউজের বুম ভেঙে ফেলে। তাদের হামলায় ক্যামেরাপারসন রুবেল গুরুতর আহত হন।”
“রুবেলকে তারা শক্ত কোনো কিছু দিয়ে জোরে আঘাত করে। বর্তমানে তার অবস্থা গুরুতর। এমন অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, রুবেলের কানের পর্দা ফেটেছে। কানের ভেতর রক্তক্ষরণ হচ্ছে।”
আরও পড়ুন:
