সরকারের পদত্যাগ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, সিলেটে শামসুজ্জামান
“এই সরকার ক্ষমতায় থাকলে দেশে কোনো দিন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়; হারানো গণতন্ত্রও ফিরে আসা অসম্ভব।”
ক্ষমতাসীন সরকার পদত্যাগ না করলে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার বিকালে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সিলেট মহানগর বিএনপি আয়োজিত কালো পতাকা গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাই এই সরকার ক্ষমতায় থাকলে দেশে কোনো দিন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। হারানো গণতন্ত্রও ফিরে আসা অসম্ভব।
“এ জন্য আমরা বলেছি, অবিলম্বে এই সরকরকে পদত্যাগ করতে হবে। সংসদ এবং সরকারের আজ্ঞাবহ কমিশন ভেঙে দিতে হবে। এসব ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না “
এসব দাবি আদায় করে সরকারকে বিদায় করতে যা যা করা প্রয়োজন দলের প্রতিটি নেতা-কর্মীকে তা'ই করতে আহ্বান জানান তিনি।
দেশবাসী জেগে উঠেছে, তাই সরকারকে পদত্যাগ করতেই হবে বলে মনে করেন শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, “আমাদের দাবি একটাই, একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নির্বাচন হলে জনগণের সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। আর দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে এম. ইলিয়াস আলীসহ গুম হওয়া বিএনপির সব নেতাকর্মীদের ফেরানো সম্ভব হবে।”
দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার ফিরে পেতে জনগণকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে আহ্বান জানান তিনি।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, নির্বাহী কমিটির সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী।
সমাবেশের পর নগরীর রেজিস্ট্রারির মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কালো পতাকা গণমিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
