০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় হাতকড়া পরে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

তিনি প্রায় ১৬ মাস ধরে কারাগারে বন্দি আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 11:41 PM

Updated : 01 Oct 2026, 11:41 PM

বগুড়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো। এ সময় তার হাতে হাতকড়া ছিল।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ জাহানাবাদ গ্রামে হিরোর মা হাফিজা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে হিরোকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বগুড়া জেলা কারাগারের সুপার আসাদুর রহমান।

এর আগে ৬২ বছর বয়সি হাফিজা চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের মৃত্যুর পর মাশরাফি হিরোর প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেন স্বজনরা।

পরে বিকালে পুলিশ পাহারায় হিরোকে গ্রামে নিয়ে যাওয়া হয়। জানাজার আগে সেখানে এক আবেগঘন পরিবেশে হিরো বলেন, “আমি এখন পর্যন্ত জানি না, আমার মা কখন মারা গেছেন। আমি হয়ত তাকে দেখতে পারলাম, কিন্তু সে তো আমাকে দেখতে পারল না। সন্তান মাকে ভালোবাসুক আর না ভালোবাসুক, মা কিন্তু সন্তানকে ঠিকই ভালোবাসে।”

নিজের ওপর আক্ষেপ প্রকাশ করে আওয়ামী লীগ নেতা বলেন, “আমি আমার দায়িত্ব হয়ত সঠিকভাবে পালন করতে পারিনি। এ জন্য আমি আমার মার কাছে ক্ষমাও চাইতে পারলাম না।

“আমার মা অনেক দিন আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ওষুধ আর হাসপাতাল করতে করতে তার জীবনটা শেষ হয়ে গেছে। তিনি খুব কষ্টের জীবন পার করেছেন।”

জানাজায় অংশ নেওয়া মানুষের উদ্দেশে তিনি বলেন, “আমার মার কথাবার্তায় আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে দয়া করে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমার মায়ের কাছে যদি কেউ কোনো আর্থিক পাওনা থেকে থাকেন, তবে আমাদের জানাবেন, আমরা তা পরিশোধ করার চেষ্টা করব।”

আওয়ামী লীগ নেতা মাশরাফি হিরো প্রায় ১৬ মাস ধরে কারাগারে বন্দি আছেন।