কুমিল্লায় হাঁস-মুরগি খাচ্ছিল বনবিড়াল, ফাঁদে আটকাল গ্রামবাসী
স্থানীয়রা জানান, এরই মধ্যে শতাধিক হাঁস, মুরগি, কবুতরসহ গৃহপালিত পশু-পাখি খেয়ে নিয়েছে প্রাণীটি।
কুমিল্লার বরুড়া উপজেলার একটি গ্রামে দীর্ঘদিন ধরে গৃহপালিত হাঁস-মুরগি খেয়ে আসা বনবিড়াল পাকড়াও করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ঝলম ইউনিয়নের বেওলাইন গ্রামে মোহাম্মদ মনির মিয়ার বাড়িতে পেতে রাখা ফাঁদে প্রাণীটি আটকা পড়ে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে গ্রামটির বাসিন্দাদের হাঁস, মুরগি, কবুতরসহ গৃহপালিত পাখি খাচ্ছিল একটি অচেনা প্রাণী।
গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে প্রাণীটি ধরতে রাতে পাহারা দেওয়া শুরু করে। এক পর্যায়ে তারা নিশ্চিত হয়, প্রাণীটি দেখতে বিড়ালের মত, কিন্তু আকারে বড়।
স্থানীয়রা আরও জানান, এরই মধ্যে শতাধিক হাঁস, মুরগি, কবুতরসহ গৃহপালিত পশু-পাখি খেয়ে নিয়েছে প্রাণীটি।
বৃহস্পতিবার রাতে ফাঁদে আটকানোর পর শুক্রবার সকালে বিষয়টি কুমিল্লা সামাজিক বন বিভাগকে জানান তারা।
কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির বলেন, “খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গেছে। ছবিতে দেখে বোঝা যাচ্ছে, ওই প্রাণীটি বনবিড়াল। সাধারণত ছোট ছোট পশু-পাখিই প্রাণীটির খাদ্য।”
বনবিড়ালটি উদ্ধার করে নির্দিষ্ট স্থানে অবমুক্তের ব্যবস্থা করা হবে বলে জানান ওই বন কর্মকর্তা।
