১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা রহিম

পা হারানোর কারণে দীর্ঘদিন ধরে দৈনন্দিন চলাফেরায় নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছিল রহিমকে। স্বাভাবিকভাবে হাঁটাচলা ও দৈনন্দিন কাজকর্মেও সীমাবদ্ধতা তৈরি হয়েছিল তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 06:02 PM

Updated : 15 Nov 2026, 06:02 PM

দীর্ঘদিন আগে বাঁ পা হারানো বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমকে কৃত্রিম পা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব বা কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন।

বাসসের প্রতিবেদনে বলা হয়, পা হারানোর কারণে দীর্ঘদিন ধরে দৈনন্দিন চলাফেরায় নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছিল রহিমকে। স্বাভাবিকভাবে হাঁটাচলা ও দৈনন্দিন কাজকর্মেও সীমাবদ্ধতা তৈরি হয়েছিল তার।

এ অবস্থায় চলাফেরার সক্ষমতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনযাপনে সহায়তার লক্ষ্যে তার জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।

বাসস লিখেছে, কৃত্রিম পা ব্যবহারে রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে। এতে দৈনন্দিন কাজকর্মে অন্যের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ বাড়তে পারে।