রাজশাহীতে স্ত্রী-ছেলেকে ছুরি মেরে খুনের অভিযোগ, যুবক গ্রেপ্তার
পারিবারিক দ্বন্দ্বের জেরে আলীউল শ্বশুরবাড়িতে এসে তার স্ত্রী ও ছেলেকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন বলে পুলিশ জানিয়েছে।
রাজশাহীর তানোর উপজেলায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী ও ছেলেকে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে; ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় জনতা আটক করে তাকে পুলিশে দিয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মুন্ডমালা পৌরসভার পাঁচন্দর মহল্লায় এ ঘটনা ঘটে বলে জানান তানোর থানার ওসি আব্দুর রহিম।
নিহতরা হলেন- নিপা খাতুন (২৬) ও তার সাত বছর বয়সি ছেলে নুর মোহাম্মদ।
গ্রেপ্তার আলীউল (৩০) ওই উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদের মোহাম্মদপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তার শশ্বুরের নাম আব্দুর রহিম।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আব্দুর রহিম বলেন, দীর্ঘদিন ধরে আলীউলের সঙ্গে তার স্ত্রী নিপার দ্বন্দ্ব চলছিল। এর জেরে নিপা তার ছেলে নুরকে নিয়ে বাবার বাড়ি থাকতেন।
তিনি বলেন, “এই দ্বন্দ্বের সূত্র ধরে আলীউল শনিবার বিকালে ধারালো ছুরি হাতে শ্বশুরবাড়িতে এসে নিপা ও তার ছেলেকে এলোপাথাড়ি জখম করে। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে।”
ওসি আরও বলেন, এরপর পুলিশ মরদেহ উদ্ধার ময়নাতদন্ত জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
