২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গানে গানে নৌকার প্রচার করতে সিলেট এসেছেন তারা

খণ্ড-খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন প্রধানমন্ত্রীর জনসভাস্থলে।

গানে গানে নৌকার প্রচার করতে সিলেট এসেছেন তারা

সিলেটে রিকাবিবাজার পয়েন্টে গান গেয়ে নৌকা মার্কার প্রচার করছিলেন তিনজন।

বাপ্পা মৈত্র

সিলেট প্রতিনিধি.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 12:26 PM

Updated : 20 Dec 2023, 12:52 PM

সিলেট নগরীর রিকাবিবাজার পয়েন্টে গান করছিলেন তিন ব্যক্তি। তারা গাইছিলেন, ‘কোন মেস্তরি নাও বানাইলো এমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে বঙ্গবন্ধুর নাও, শেখ হাসিনার নাও’। এর ফাঁকেই জানালেন, গানে-গানে ভোটের প্রচারে অংশ নিতেই তারা এসেছেন গোপালগঞ্জ, বরিশাল আর রংপুর থেকে। 

পাশেই রয়েছে আলিয়া মাঠ; যেখানে জনসভা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের ভোটের প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 

গোপালগঞ্জের কোটালিপাড়ার হিরণ গ্রামের শেখ মো. ইলিয়াস জানান তার সঙ্গে আছেন বরিশালের মজিবর বয়াতি (৫০) ও রংপুরের মো. আলী (৬২)। 

‘ভাইরাল ইলিয়াস’ নামে পরিচয় দেওয়া ৬৩ বছরের ইলিয়াস বলেন, ‘ঢাকাতে আওয়ামী লীগের বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করে মঙ্গলবার রাতে গাড়িতে উঠে সিলেটে এসেছি আমরা।’ 

মো. মজিবর বয়াতি জানান, তারা সিলেট আসার আগে নৌকার প্রচারে খুলনা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ঢাকা, গাজীপুর ঘুরে এসেছেন। নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের আগ পর্যন্ত তারা মাঠে প্রচারে করে বেড়াবেন। এজন্যই আমাদের সিলেট আসা। একই ভাষ্য রংপুরের মো. আলীরও। 

এ তিনজন জানান, তারা সিলেটের মেয়র সাহেবের সঙ্গে আলাপ করতে চান; উনি সুযোগ দিলে সিলেটে থেকে নৌকার উন্নয়ন প্রচার করতে চান। 

শেখ মো. ইলিয়াস জানান, “সিলেট সিটির নির্বাচনের সময় আমি সিলেটে এসে নৌকার প্রচার করেছি গানের মাধ্যমে; পরে নৌকার বিজয়ের পর মেয়রের সঙ্গে দেখা করে গিয়েছি। এখন আবারও মেয়রের সহযোগিতা চাই।”

এদিকে, সকাল থেকেই নগরীর আলিয়া মাঠ প্রস্তুত রয়েছে প্রধানমন্ত্রীর জনসভার জন্য। খণ্ড-খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হচ্ছেন। ঢাক, ঢোল পিটিয়ে, নৌকার স্লোগান দিতে দিতে তারা মাঠে ঢুকছেন। 

মাঠে বিক্রি হচ্ছে নৌকার লোগো সম্বলিত কোর্ট পিন, নানা উপকরণ।  

আলিয়া মাঠের পাশে চৌহাট্টা পয়েন্টে নৌকার লোগো সম্বলিত কোর্ট পিন। বিক্রি করছিলেন নোয়াখালীর বাসিন্দা ওয়াহিদুর রহমান।

তিনি বলেন, সারা দেশের জনসভায় গিয়ে কোর্ট পিন বিক্রি করি। সিলেটেও এসেছি; আশা করছি সিলেটে ভালো বেচাকেনা হবে।" 

শেখ হাসিনার সিলেট সফর ও জনসভার বিষয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, আলিয়া মাদ্রাসা মাঠে স্মরণকালে বৃহৎ জনসমাবেশ করার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন।

 ২০১৮ সালের পর এবারই প্রথম সিলেটে কোনো জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবশেষ গত বছরের ২১ জুন বন্যার্তদের দেখতে সিলেট ও সুনামগঞ্জ সফর করেন শেখ হাসিনা। সেসময় তিনি সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভা অংশ নেন।