২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ফ্রি ফায়ার গেইম নিয়ে দ্বন্দ্বে খুন হন সাব্বির: পিবিআই

মামলার এক সপ্তাহের মধ্যে একমাত্র আসামিকে গ্রেপ্তার করে পিবিআই।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2023, 12:22 AM

Updated : 02 Feb 2023, 06:14 PM

বাগেরহাটের মোল্লাহাটে ফ্রি ফায়ার গেইম নিয়ে দ্বন্দ্বে কিশোর ভ্যান চালক সাব্বির শেখ (১৫) খুন হয় বলে দাবি জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।

গত মঙ্গলবার বিকালে বাগেরহাট কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি করে পিবিআই।

মামলার একমাত্র আসামি হত্যার শিকার সাব্বিরের বন্ধু কিশোর গ্যারেজ মেকানিক মো. ফেরদাউস (১৭)। তাকে গ্রেপ্তার করেছে পিবিআই।

ফেরদাউস বাগেরহাট সদর থানার ডিংসাইপাড়া এলাকার মো. মনিরুল শেখের ছেলে। মোল্লাহাট উপজেলার ছোট কাচনা এলাকায় ভ্যানরিকশা ও সাইকেল মেরামতের গ্যারেজ রয়েছে তার।

হত্যার শিকার সাব্বির শেখ খুলনার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ বোরহানের ছেলে। সে তেরখাদা-মোল্লাহাটের ছোট কাচনাসহ বিভিন্ন এলাকায় ভ্যান চালাত।

গ্রেপ্তার ফেরদাউস প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভ্যানচালক সাব্বির শেখকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি পিবিআইর।

আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পিবিআই বাগেরহাটের এসপি মো. আব্দুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ফেরদাউস পিবিআইকে জানায়, হত্যার শিকার ভ্যান চালক সাব্বির শেখ তার বন্ধু ছিল। তারা একসঙ্গে ফ্রি ফায়ার গেইম খেলত। একদিন ফেরদাউসের সঙ্গে গেইমে হেরে যায় সাব্বির। তখন ফেরদাউসকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সে।

“ফেরদাউস এই গালিগালাজের প্রতিশোধ হিসেবে সাব্বিরের ভ্যানটি বিক্রি করে দেওয়ার কথা চিন্তা করে।”

গত ৯ জানুয়ারি একটি শিশুকে দিয়ে সাব্বিরকে ডেকে আনেন বন্ধু ফেরদাউস।

পরে নিজের গ্যারেজের পেছনে থাকা কক্ষে বসে দুজনে ফের মোবাইল ফোনে গেইম খেলা শুরু করেন।

খেলার এক পর্যায়ে ফেরদাউস পেছন থেকে একটি গামছা গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে সাব্বিরকে হত্যা করেন। 

ওই রাতে গ্যারেজের পাশের একটি গোডাউনের নিচে মরদেহ ফেলে নারায়ণগঞ্জ পালিয়ে যায় ফেরদাউস।

এর আগে সাব্বিরের ভ্যানটি খুলে ফেরদাউস ভাঙারি হিসেবে বিক্রি করে দেয়। ভ্যানের চারটি ব্যাটারিও স্থানীয় একটি দোকানে বিক্রি করে সে।

গোপন সংবাদে গত রোববার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মেঘনা ব্রিজ এলাকা থেকে ফেরদাউসকে গ্রেপ্তার করে বাগেরহাট পিবিআইর সদস্যরা।

এর আগে নিখোঁজের দুদিন পর গত ১১ জানুয়ারি তেরখাদা থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাব্বির শেখের বাবা শেখ বোরহান।

১৭ জানুয়ারি বাগেরহাটের ছোট কাচনার শেখ ওবায়দুর রহমানের গোডাউনের নিচ থেকে শেখ সাব্বিরের পচা-গলা মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাব্বিরের পরনের কাপড় দেখে মরদেহ শনাক্ত করেন তার বাবা। পরে ২৩ জানুয়ারি তেরখাদা থানায় হত্যা মামলা করেন শেখ বোরহান।

মামলাটি পিবিআই তদন্ত শুরু করে। এক সপ্তাহের মধ্যে একমাত্র আসামি ফেরদাউসকে গ্রেপ্তার করে পিবিআই।