২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিহতদের লাশ বাড়ি নেওয়া হয়েছে; আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 11:17 AM

Updated : 29 Dec 2022, 11:17 AM

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে দোলাপাড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল জলিল জানান।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি তারা জানিয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মংগলু (৪০) ও পাশের বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিক হোসেন (২৩)।

স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে বাংলাদেশি গরু পারাপারকারীর একটি দল সীমান্তের মেইন পিলার ৮৮৭ এর কাছাকাছি এলাকায় গেলে ভারতের ১৫৭ ব্যাটালিয়নের বড় মধুসুদন বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

এতে বুকে গুলিবিদ্ধ হয়ে মংগলু ও সাদিক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও দুজন আহত হন।

নিহত সাদিকের চাচা হুমাযুন কবীর বলেন, মংলুসহ ১৫/২০ জনের একটি দল সীমান্তে যায়। এ সময় ভারতীয় বিএসএফের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে দুজনই মারা যান। আর এ ঘটনায় আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম জানান, বুধবার রাতে সীমান্তের কাঁটাতার সংলগ্ন বাংলাদেশি অংশে দুজনের লাশ পড়ে ছিলো। পরে তাদের সঙ্গে থাকা লোকজন মরদেহ উদ্বার করে বাড়িতে নিয়ে আসে।