২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রী নিহত

ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিলে পান্না ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন।

নেত্রকোণায় ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রী নিহত

নেত্রকোণায় ট্রাকচাপায় নিহত মাদ্রাসা ছাত্রীর স্বজনদের আহাজারি।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2023, 04:17 PM

Updated : 09 Aug 2023, 04:17 PM

নেত্রকোণা শহরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে শহরের কুড়পাড় এলাকায় এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার এসআই ফরিদ আহমেদ।

নিহত জেসমিন আক্তার পান্না (১৬) সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কান্দি গ্রামের মো. মস্তু মিয়ার মেয়ে ও কান্দি আলীয়া মাদ্রাসার দাখিল শ্রেণীর শিক্ষার্থী।

আহত শরীফ মিয়া (২৪) কাইলাটি ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা ও পান্নার মামাতো ভাই।

এসআই ফরিদ জানান,  শরীফের সঙ্গে মোটরসাইকেলে শহরে যাচ্ছিলেন পান্না। পথে কুড়পাড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় পান্না ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আর শরীফ রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করেন।

এসআই আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।