২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া মেডিকেলে ‘নবজাতক চুরি’ অভিনব কৌশলে

শিশুটির মাকে ৫ হাজার টাকা সরকারি সহায়তা দেওয়ার কথা বলেন এক নারী। 

বগুড়া মেডিকেলে ‘নবজাতক চুরি’ অভিনব কৌশলে

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2022, 08:38 PM

Updated : 09 Nov 2022, 09:42 PM

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অভিনব কৌশলে নবজাতক চুরির ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে গাইনি বিভাগ থেকে চারদিন বয়সী নবজাতকটি চুরির অভিযোগ পাওয়া যায় বলে শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান।   

শিশুটির মা ইতি (২৩) বগুড়া সদর উপজেলার বানদিঘী এলাকার সৈকত হাসানের স্ত্রী।

তিনি জানান, গত ৫ নভেম্বর প্রসব ব্যথা শুরু হলে সন্ধ্যার দিকে স্বজনরা তাকে এ হাসপাতালে ভর্তি করার। পরের দিন তার একটি ছেলে সন্তানের জন্ম হয়।

ইতি আরও জানান, বুধবার তিনি ও তার বড় বোন শিশুটিকে নিয়ে গাইনি ওয়ার্ডে বসেছিলাম। এ সময় সন্তান জন্ম দেওয়ায় তাকে (ইতি) পাঁচ হাজার টাকা সরকারি সহায়তা দেওয়ার কথা বলেন অপরিচিত এক নারী।

“টাকা দেওয়ার কথা বলে ওই মহিলা আমাদের নিয়ে নিচ তলার বহির্বিভাগে যান। এক পর্যায়ে তিনি আমার বড়বোনকে কিছু কাগজ ফটোকপি করিয়ে আনতে বলেন। এদিকে আমাকে বহিঃবিভাগে কাজে ব্যস্ত রেখে ওই মহিলা সন্তান কোলে রাখেন। কাজ শেষে এসে দেখি, মহিলা আমার সন্তান নিয়ে পালিয়েছেন। তখন কাঁদতে থাকলে সবাই এগিয়ে আসেন।”

ডা. আব্দুল ওয়াদুদ বলেন, হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর বহির্বিভাগে ঘটনাটি ঘটেছে। সেখানের সিসি ক্যামেরার ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে; তারা বিষয়টি নিয়ে কাজ করছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তাদের জানিয়েছে। দুইটি টিম কাজ শুরু করেছে।