২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

বগুড়ায় কারাবন্দি যুবলীগ নেতার মৃত্যু

সোহরাব হোসেন ধুনট পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Oct 2026, 11:54 PM

Updated : 23 Oct 2026, 11:54 PM

বগুড়ার ধুনট পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন (৪৫) কারাবন্দি অবস্থায় মারা গেছেন।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার মধ্যরাতের দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহরাব হোসেন ধুনট পৌর এলাকার সদরপাড়া গ্রামের রহম আলী হাজীর ছেলে।

পুলিশ জানায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি প্রচারে হামলা ও ভাঙচুরের মামলায় ২ অগাস্ট সোহরাব হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে তিনি বগুড়া জেলা কারাগারে বন্দি ছিলেন।

বগুড়া জেলা কারাগারের সুপার আসাদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে সোহরাব হোসেনের তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান। শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে নিহতের স্ত্রী রনি খাতুন অভিযোগ করেন, কারাগারে থাকা অবস্থায় দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়নি।