গাজীপুরে জমির বিরোধে হামলায় আহত একজনের মৃত্যু
৩১ জুলাই রাতে জাকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার কালিয়াকৈর মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, বুধবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জাকির হোসেন (৪৫) কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামের বাসিন্দা।
স্বজনদের বরাত দিয়ে পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, পৈত্রিক জমিতে জাকির হোসেনসহ ভাই-বোনরা বসবাস করেন। সেই জমি কয়েকজন স্থানীয় জবর দখল করার চেষ্টা করে আসছিলেন।
তিনি বলেন, সেখানে তারা ঘর নির্মাণ করার চেষ্টা করলে জাকির হোসেন ও তার স্বজনরা বাধা দেন। এরপর ৩১ জুলাই রাত সাড়ে ১০ টার দিকে জাকির হোসেন বাড়ির সামনে রাস্তায় বের হলে ১২-১৩ জন তার পথরোধ করেন। এ সময় জমি নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
তিনি আরও বলেন, “এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে জাকিরকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে এবং মাথায় কোপ দিয়ে জখম করে পালিয়ে যান।
“তার চিৎকার শুনে স্বজন ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।”
অবস্থার অবনতি হওয়া সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বলেন, এ ঘটনায় নিহতের মা মোছা. জায়েদা বেগম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈ থানায় একটি মামলা করেন।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
