২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় টানা বৃষ্টিতে বাড়ছে ব্রহ্মপুত্রের ভাঙন

“আমরা কোনো ত্রাণ চাই না, নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধান চাই।”

গাইবান্ধায় টানা বৃষ্টিতে বাড়ছে ব্রহ্মপুত্রের ভাঙন

নদীর পানি বেড়ে যাওয়ায় গাইবান্ধার বিভিন্ন স্থানে শুরু হয়েছে ভাঙন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 10:08 PM

Updated : 15 Aug 2023, 10:08 PM

টানা কয়েক দিনের বৃষ্টিতে গাইবান্ধার নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শুরু হয়েছে ভাঙন।

গত এক সপ্তাহে সাঘাটা উপজেলার মুন্সীরহাট গ্রামের শতাধিক ঘরবাড়ি ও ফসলী জমি ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে। ভাঙ্গনের মুখে পড়েছে মুন্সীরহাট বাজার ও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয়।

মাথা গোঁজার ঠাঁই হারানো পরিবারগুলো আশ্রয় নিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান এবং খোলা আকাশের নিচে।

এছাড়া গত এক মাসে একই উপজেলার কচুয়া, ভরতখালী, সাঘাটা, মুক্তিনগর, ঘুড়িদহ, হলদিয়া, জুমারবাড়ী ইউনিয়ন ও ফুলছড়ি উপজেলার এড়েন্ডাবাড়ী, উড়িয়া, ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়ন এবং গাইবন্ধা সদর উপজেলার কামারজানি, মোল্লারচর ও ঘাগেয়া ইউনিয়নের তিন শতাধিক ঘরবাড়িসহ কয়েকশ বিঘা আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

ভাঙনের কবলে পড়েছে সুন্দরগঞ্জ উপজেলার কারেন্টের বাজার, চরমাদিরী পাড়া, কানু চড়িয়াবাড়ী, পাড়া সাধুয়া, মাদারীপাড়া, বোচগাড়ি, পাঁচপীর, খেয়াঘাট, খোর্দ্দলাঠশালা, কাশিমবাজার গ্রামও।

মুন্সীরহাট এলাকার বাসিন্দা জয়নাল মিয়া বলেন, “গত এক সপ্তাহে ব্রহ্মপুত্রের ভাঙনের পরিমাণ বেড়েছে। তীরবর্তী এলাকার বসত ভিটা, আবাদী জমি নদের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।”

ভাঙনের হুমকির মুখে মুন্সীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় নিয়েছেন শিউলি বেগম। তিনি বলেন, “গত ছয়দিন হল ভিটেমাটি হারিয়ে স্কুলে আশ্রয় নিয়েছি। পরিবার নিয়ে এখন কোথায় থাকব সেই চিন্তায় দিন পার করছি।”

একই গ্রামের আব্দুল খালেক মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রত্যেক বছর পানি বৃদ্ধির সময় সরকারি (পানি উন্নয়ন বোর্ড) লোকেরা নদীর পাড় দিয়ে কয়েক বস্তা বালু ফেলে মোনাজাত করে ওই যে চলে যায় আর আসে না। নদীর তীব্র স্রোতে সেই বালুর বস্তা কতক্ষণ টেকে?”

একই গ্রামের সাইফুল ইসলাম বলেন, “আমরা কোনো ত্রাণ চাই না, নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধান চাই।”

গাইবান্ধার যেসব পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে সেখানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন উপ-বিভাগীয় প্রকৌশলী মজিবর রহমান।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক জানান, মুন্সীরহাট বাজার এলাকার ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের কাজ চলছে।

এবারের ভাঙনে শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়েছে জানিয়ে সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট বলেন, “পরিবারগুলোর তালিকা করে উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।”