কুমিল্লায় লাঙ্গলের তোরণ, জাপা প্রার্থীকে জরিমানা
ইরফান বিন তোরাব আলী বলেন, “আমার কর্মী-সমর্থকরা এ কাজটি করে থাকতে পারে। বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না।”
প্রতীক বরাদ্দের আগেই তোরণ নির্মাণ করে প্রচার চালানোর দায়ে কুমিল্লা-৮ আসনের জাতীয় পার্টির প্রার্থী ইরফান বিন তোরাব আলীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি লাঙ্গলের প্রতীক সম্বলিত সেই তোরণটি ভেঙে ফেলা হয়েছে।
শনিবার দুপুরে বরুড়া উপজেলার নয়নতলা কামেড্ডা এলাকায় তোরণটি ভেঙে দেওয়ার পর প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, “তোরণ নির্মাণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রার্থীকে জরিমানা করা হয়েছে। শোকজও করা হবে।”
ভ্রাম্যমাণ আদালত জানায়, প্রার্থী বরুড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইরফান বিন তোরাব আলী দলীয় কার্যালয়ের সামনে সড়কে গেইট নির্মাণ করেন। বাঁশ ও সাদা কাপড় দিয়ে সেই তোরণ নির্মাণ করা হয়। এতে মোট ছয়টি রঙিন ব্যানার লাগানো। প্রতিটিতেই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যানদের ছবিসহ দলীয় প্রতীক লাঙল দেওয়া।
প্রতিটি ব্যানারে লেখা আছে ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ড. ইরফান বিন তোরাব আলীকে লাঙল মার্কায় ভোট দিন’।
জাতীয় পার্টির প্রার্থী ইরফান বিন তোরাব আলী বলেন, “আমার কর্মী-সমর্থকরা এ কাজটি করে থাকতে পারে। বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না।”
