২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট নগরীতে রাস্তা-ফুটপাত যেন হকারদেরই

হকার উচ্ছেদে মেয়র, পুলিশ ও চেম্বারে লিখিত দিয়েও কাজ হয়নি বলে ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিযোগ।

সিলেট নগরীতে রাস্তা-ফুটপাত যেন হকারদেরই

এলাকাটি হকারমুক্ত ঘোষণা করা হলেও বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র।

বাপ্পা মৈত্র

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2023, 08:42 PM

Updated : 11 Feb 2023, 03:30 PM

সিলেট নগরীর অনেক গুরুত্বপূর্ণ রাস্তা ও ফুটপাতে হকাররা জমিয়ে ব্যবসা করছে। এতে নগরীর পথচারীদের দুর্ভোগ যেমন বেড়েছে, তেমনি সড়কেও বেশিরভাগ সময় লেগে থাকে যানজট।

হকার উচ্ছেদে সিটি করপোরেশন, পুলিশ, বণিক সমিতিসহ প্রশাসনের নানা জায়গায় বলেও কাজ হয়নি বলে ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিযোগ।

নগরের মদিনা মার্কেট, ওসমানী মেডিকেল রোড, আম্বরাখানা, চৌহাট্টা, রিকাবিবাজার, লামাবাজার, জিন্দাবাজার, জল্লারপার, বন্দরবাজার, জিতুমিয়ার পয়েন্ট, তালতলা, ক্বিন ব্রিজ, ধোপাদিঘিরপাড়, সোবাহানী পয়েন্টে প্রায় প্রতিটি রাস্তার বেশিরভাগ অংশ এবং ফুটপাত হকারের দখলে।

হকারদের পুনর্বাসনের জন্য লালদিঘির পাড়ে জায়গা দেওয়া হলেও সেখানে তারা যাচ্ছে না।

সরেজমিনে বন্দরবাজার এলাকায় দেখা যায়, এখানে প্রচুর ক্রেতা সড়কে দাঁড়িয়ে কেনাকাটা করছেন। রাস্তায় তৈরি হয়েছে দীর্ঘ যানজট।

এখানে শাক-সবজি, ফলমূল, মাছ, কাপড়, প্লাস্টিকের সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় প্রায় সবকিছু কেনাবেচা চলে।  

জিন্দাবাজার এলাকার সিএনজি অটোরিকশা চালক সুমন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তাটি এমনিতেই সব সময় ব্যস্ত থাকে, এর মধ্যে হকাররা অর্ধেক দখল করে রাখে। তাই যানজট লেগেই থাকে। এতে গাড়ি চালাতে অনেক সমস্যা হয়।”

আম্বরখানা পয়েন্টে কথা হয় নগরীর একটি বেসরকারি স্কুলের শিক্ষক আনোয়ার হোসেনের সঙ্গে।

তার ভাষ্য, “সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। মাঝে-মধ্যে অভিযান হলেও কাজের কাজ কিছুই হয় না। সড়ক ও ফুটপাত থেকে প্রতিদিন টাকা ওঠে, শুনেছি সে টাকার ভাগ অনেকেই পায়। তাই তো অভিযান একেবারে বন্ধ। ফলে ফুটপাতে হাঁটা যায় না।”

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর ভাষ্য, “নগরের বিভিন্ন সড়কের অর্ধেক হকাররা দখল করে নিয়েছে। হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করে জরিমানা করা দরকার। নগরীতে হাঁটা যায় না তাদের জন্য। দ্রুত নগরের ফুটপাত ও রাস্তা হকারমুক্ত করা হোক।” 

Image

সিলেট নগরীর ব্যস্ততম বন্দরবাজার এলাকা।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের অভিযোগ সিটি করপোরেশনের বিরুদ্ধে।

সামনে সিটি করপোরেশন নির্বাচন থাকায় বর্তমান মেয়র আগের মতো হকার উচ্ছেদে অভিযান চালাচ্ছেন না বলে অভিযোগ তার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ নিয়ে আমরা মার্কেটের ব্যবসায়ীরা খুব বিপদে আছি। হকার উচ্ছেদে মেয়র, পুলিশ প্রশাসন ও চেম্বারের কাছে লিখিত দিয়েছি, কিন্তু কাজ হয়নি।”

হকারদের পুনর্বাসনের জন্য লালদিঘির পাড়ে জায়গা দিলেও তারা সেখানে যাচ্ছে না; এ সমস্যা নিয়ে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ চলতি মাসের শেষে আবার মিটিং করবে বলে জানান রিপন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসান মাকের্টের এক ফল ব্যবসায়ী বলেন, “প্রতিদিন বন্দরবাজার এলাকায় কয়েকশ হকার বসে। তাদের কারণে আমরা ঠিকমতো ব্যবসা করতে পারি না। বর্তমানে প্রয়োজনীয় সবকিছু তাদের কাছে মেলে। আমি এত টাকা দিয়ে দোকান ভাড়া নিয়ে বিপদে আছি। আর সারাদিন জ্যাম তো আছেই।

“শুনেছি, সরকারি দলের নেতা, সিটির লাইনম্যান ও পুলিশ ফাঁড়িতে হকাররা নিয়মিত টাকা দিচ্ছে।”

এদিকে, হকারদের জন্য বরাদ্দের জায়গা নগরীর লালদিঘির পাড়ে গিয়ে চোখে পড়ে ভিন্ন চিত্র। বরাদ্দের প্রায় পুরো জায়গাটাই খালি।

তবে নগরভবনের সামনে থেকে লালদিঘীর পাড়ে প্রবেশের মুখ পর্যন্ত নানা পণ্য ও সবজি নিয়ে কয়েকশ হকারকে বসে থাকতে দেখা গেছে।

বন্দরবাজরে প্রধান ডাকঘরের সামনে কথা হয় করিম মিয়া নামের এক সবজি বিক্রেতার সঙ্গে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তা বন্ধ করে পেটের দায়ে বাধ্য হয়ে এখানে বসি। না বসলে পরিবার নিয়ে কীভাবে চলব? তবে আমাদের মনে ভয় থাকে, কখন অভিযান শুরু হয়।”

তিনি আরও বলেন, “এখানে বাসার জন্য টাকা দিতে হয় নিয়মিত। টাকা না দিলে বসতে দেবে না।”

টাকা কারা নিচ্ছে জানাতে চাইলে তিনি বলেন, “আমাদের কাছ থেকে সবাই টাকা নিচ্ছে।”  

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, “হকার নিয়ে নগরের পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। তবে হকারদের পুনর্বাসন করাটা দরকার। কারণ, অনেক সময় মানবিক দিকও বিবেচনা করতে হয়।”

মহানগর পুলিশের আরেক ‍উপকমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগরে যানজট সৃষ্টিতে যেসব কারণ রয়েছে, তার একটি হলো হকারদের ফুটপাত দখল। এ ছাড়া নগরের বিভিন্ন রাস্তায় অনেকে গাড়ি পার্কিং করে রাখে। জনসংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যাও বেড়েছে। নগরে ড্রেনেজের কাজ চলমান রয়েছে।

“সিলেট পর্যটন নগরী হওয়ায় প্রচুর পর্যটক আসেন গাড়ি নিয়ে। যদিও সিলেট নগরের যানজট নিরসনে ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করছে।”

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “হকার উচ্ছেদে অভিযান হচ্ছে; আমি অসুস্থ থাকায় অভিযান একটু কম হচ্ছে।”

সিটি করপোরেশনের লাইনম্যানদের টাকা নেওয়ার বিষয়ে মেয়র বলেন, “এ অভিযোগে দুজনকে জেলে দেওয়া হয়েছে; আরও তিনজনের চাকরি গেছে।”

হকারদের কাছ থেকে সরকারি দলের নেতাদের নিয়মিত টাকা নেওয়া প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।