নোয়াখালীতে দুই দল কিশোরের সংঘর্ষে নিহত ১
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিফাত ও রিয়াদ নামে দুই কিশোর ও তাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।
নোয়াখালীর সদর উপজেলায় দুই দল কিশোরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও আহত হয়েছে চারজন।
সোমবার বেলা ২টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাধেরহাট পূর্ব বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন।
নিহত ২০ বছর বয়সী মো. সৌরভ হোসেন সাজ্জাদ ওই ইউনিয়নের রাম কৃষ্ণপুর গ্রামের মো. সবুজের ছেলে।
আটকরা হলেন- রাকিব উদ্দিন (২৫), তার ভাই রিয়াজ উদ্দিন (২৩) ও আরিফ উদ্দিন (২৫)। বাকি একজনের পরিচয় জানা যায় নাই।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ সুপার বলেন, “এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিফাত ও রিয়াদ নামে দুই কিশোর ও তাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।
“এ সময় সাজ্জাদকে কোপানো হলে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
আহতদের ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আহতরা হলেন নোয়ান্নই ইউনিয়নের নাজিম উদ্দিন (১৮), মো. রাকিব (২৫), মো. রিয়াদ হোসেন (২২) ও মো. রাজীব হোসেন (২৪)।
এ ঘটনায় আটক চারজনকে থানায় জিজ্ঞসাবাদ করা হচ্ছে জানিয়েছে পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে।
