দলিল রেজিস্ট্রি আইন সংশোধনে একাই লড়ছেন পলাশ
“সাধারণ মানুষ যদি আইনজীবী ছাড়া নিজের মামলা নিজে লড়তে পারেন, তাহলে কেন একজন সাধারণ মানুষ তার নিজের জমির দলিল নিজে লিখতে পারবেন না?“
নওগাঁর ধামইরহাট উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের প্রবেশ পথে ‘আমার দলিল আমি লিখতে চাই’ লেখা প্ল্যাকার্ড বুকে ঝুলিয়ে একাই আন্দোলন শুরু করেছেন আবু সাঈদ পলাশ (৩৬) নামের এক ব্যবসায়ী।
তার অভিযোগ, জমি রেজিস্ট্রি করতে সরকারি খরচের পরেও দলিল লেখক সমিতিকে বাড়তি মোটা অংকের টাকা দিতে হয়। দলিল লেখক সমিতির জিম্মি দশা থেকে মানুষকে মুক্তি দিতেই তিনি এই অন্দোলন শুরু করেছেন।
জমির দলিল রেজিস্ট্রির জন্য যে আইন আছে সেটির সংশোধনের দাবি জানিয়ে আন্দোলনকারী এই যুবক এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সোমবার সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ধামইরহাট উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের প্রবেশ পথে দাঁড়ান পলাশ। এই আন্দোলন তিনি সারা দেশে ছড়িয়ে দিতে চান।
পলাশ উপজেলার চকময়রাম গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন।
পলাশ বলেন, “আমি নিজেই এই অনিয়মের ভুক্তভোগী। চার লাখ ২৬ হাজার টাকার একটি জমির দলিল করতে গেলে আমার কাছে দাবি করা হয় ৮৪ হাজার ৩০০ টাকা। অথচ সরকারি হিসাব অনুসারে, এই দলিলের খরচ আসে ৩৬ হাজার টাকা।
“অতিরিক্ত টাকা দাবি করায় আমি সাব রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। এটি শুধু ধামইরহাট বা নওগাঁ জেলার চিত্র নয়। এ চিত্র সারাদেশের। সারাদেশের মানুষ দলিল লেখক সমিতির কাছে জিম্মি। তাদের মনগড়া ফি প্রদান ছাড়া কোনো সাধারণ মানুষ জমি রেজিস্ট্রি করতে পারেন না।”
আন্দোলনকারী এই যুবক আরও বলেন, “একজন সাধারণ মানুষ যদি আইনজীবী ছাড়া নিজের মামলা নিজে লড়তে পারেন তাহলে কেন একজন সাধারণ মানুষ তার নিজের জমির দলিল নিজে লিখতে পারবেন না?
“একজন সাধারণ মানুষ যদি তার নিজের দলিল নিজে লিখতে পারেন তাহলে এই দুর্নীতির হাত থেকে রেহাই পাওয়াও সম্ভব। তাই দলিল লেখক আইনের পরিবর্তন হওয়া জরুরি। তা না হলে এই জিম্মি দশা থেকে সাধারণ মানুষ কোনোদিনই মুক্তি পাবে না।”
পলাশ জানান, বুধবার ধামইরহাট উপজেলা সদরের নিমতলী মোড়ে সকাল ১১টায় এবং বিকেল ৪টায় আমাইতারা মোড়ে তিনি প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।
তিনি বলেন, “এই আইন সংশোধন না হওয়া পর্যন্ত আমার আন্দোলন চলমান থাকবে। প্রতিদিন অফিস চলাকালীন সময়ে আমি এখানে দাঁড়াব। এই আন্দোলনের পক্ষে জনমত তৈরী ও গণস্বাক্ষর সংগ্রহের জন্য মোটরসাইকেলে ঈদের পর যাব প্রতিটি জেলায়। জানি না কবে আমার আন্দোলনের সার্থকতা পাব, আমি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।“
ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান বলেন, “দলিল রেজিস্ট্রি খরচ বাবদ দলিল লেখক সমিতি যে অতিরিক্ত টাকা দাবি করে তা অযৌত্তিক এবং সাধারণ মানুষের জন্য কষ্টদায়ক। এই চিত্র সারাদেশের সব রেজিস্ট্রি অফিসের। তাই পলাশের এই সময়োপযোগী আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করছি। দলিল রেজিস্ট্রি আইনের সংশোধন হওয়া প্রয়োজন বলেও আমি মনে করি।”
ধামইরহাট দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, “আমরা কোনো সরকারি বেতন-ভাতা পাই না। আর এ কারণে সমিতির সব সদস্য ও তাদের পরিবারের খাওয়া-পরার কথা ভেবে আমাদের সমিতিতে কিছু অতিরিক্ত টাকা নেওয়া হয়।”
বিষয়টি নিয়ে কথা বলার জন্য ধামইরহাট উপজেলা সাব রেজিস্ট্রার আব্দুস সালামের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
