বই পর্যালোচনা: ‘এবং বই’ এর পুরস্কার পেলেন ১০ জন
প্রতিযোগিতার এবারের আয়োজনে লেখক ও বিজ্ঞানী আশরাফ আহমেদের প্রবন্ধগ্রন্থ ‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ এবং উপন্যাস ‘আলো ছায়ার খেলা’ রিভিউ করেছেন প্রতি
বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’ আয়োজিত বুক রিভিউ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে শনিবার বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী ১০ জন সেরা গ্রন্থ সমালোচকের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় বিচারক ও জুরি বোর্ডের মূল্যায়নের জন্য লেখক ও বিজ্ঞানী আশরাফ আহমেদের দুইটি বই নির্ধারিত ছিল, প্রবন্ধগ্রন্থ ‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ এবং উপন্যাস ‘আলো ছায়ার খেলা’। জুরি বোর্ডের বিচারে দুই বিভাগে ৫ জন করে মোট ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রবন্ধগ্রন্থ ‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ রিভিউ করে প্রথম হয়েছেন মামুন কবীর, দ্বিতীয় শাহেরীন আরাফাত এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মারুফ ইসলাম। এ বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছেন মাকসুদা আক্তার ও সঞ্জয় দেওয়ান।
অন্যদিকে উপন্যাস ‘আলো ছায়ার খেলা’ রিভিউ করে প্রথম হয়েছেন আলী আহসান, দ্বিতীয় মুহাম্মদ ফরিদ হাসান এবং তৃতীয় হয়েছেন নাছরিন জাহান। এ বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছেন জাহিদ হাসান ও জোবায়ের মিলন।
দুই বিভাগের প্রথম বিজয়ী দুজন পেয়েছেন ১০ হাজার টাকা করে অর্থ পুরস্কার। দ্বিতীয় বিজয়ী দুজন ৫ হাজার টাকা করে এবং তৃতীয় বিজয়ী দুজন ৩ হাজার টাকা করে পুরস্কার পান। এ ছাড়া বিশেষ পুরস্কার পাওয়া চারজনকে দেওয়া হয় ২ হাজার টাকা করে।
নগদ অর্থের পাশাপাশি সেরা ১০ বিজয়ীর প্রত্যেককে হাজার টাকা সমমূল্যের বই উপহার দেওয়া হয়।
‘এবং বই’-এর সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক আহমদ বশীর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও অনুবাদক ফারুক মঈনউদ্দীন, কথাসাহিত্যিক মনি হায়দার এবং কবি ও প্রাবন্ধিক আলমগীর খান। এ ছাড়া অন্যান্যের মধ্যে নারী নেত্রী জাকিয়া শিশির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, লেখক মিজানুর রহমান আফরোজ এবং পরিবেশকর্মী ইবনুল সাঈদ রানা বক্তব্য দেন।
