২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী: উদ্বোধন করেছেন আওয়ামী লীগ কার্যালয়

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া উপজেলার তৃণমূল নেতা-কর্মী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী: উদ্বোধন করেছেন আওয়ামী লীগ কার্যালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2023, 01:52 PM

Updated : 01 Jul 2023, 04:11 PM

দুই দিনের গোপালগঞ্জ সফরের অংশ হিসেবে কোটালীপাড়ায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

শনিবার বেলা সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে সড়ক পথে কোটালীপাড়ায় এসে পৌঁছান বলে জানিয়েছেন কোটালীপাড়া উপজেলার চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। 

কোটালীপাড়া পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানান। 

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন এবং কার্যালয় চত্বরে তিনটি বৃক্ষের চারা রোপণ করেন। 

এসব কর্মসূচি শেষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোটালীপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে তৃণমূল নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময় করছিলেন। 

দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। 

Image

উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে তিনটি বৃক্ষের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী ।

বিকালে তিনি কোটালীপাড়া থেকে জন্মস্থান ও নিজগ্রাম  টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। 

টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন ও দোয়া মোনাজাতে অংশ নেবেন। 

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে রাত্রি যাপন করবেন।

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া উপজেলার তৃণমূল নেতাকর্মী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। 

এসব কর্মসূচি শেষে রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা ফেরার কর্মসূচি রয়েছে। 

এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে জেলা ও উপজেলার সড়কের মোড়ে মোড়ে টাঙ্গানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। বর্ণিল পতাকায় সাজানো হয়েছে রাস্তাঘাট।

Image

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের বন্যা বইছে । 

“প্রধানমন্ত্রীর এ সফর আমাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। এ সফরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আসন্ন জাতীয় নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে নির্দেশনা দেবেন বলে ধারণা করছি।”

গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পর্শকাতর স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সবার সহযোগিতায় প্রধানমন্ত্রী এই সফর সাফল্যমণ্ডিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১৪ বারের মত পদ্মা সেতু অতিক্রম 

এদিকে গোপালগঞ্জ সফরে আসার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ বারের মত পদ্মা সেতু অতিক্রম করেছেন। 

শনিবার সকালে অষ্টম বার মাওয়া প্রান্ত দিয়ে তিনি প্রবেশ করে পদ্মা সেতু অতিক্রম করতে সময় লাগে ১০ মিনিট। 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আউয়াল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহর শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে মাওয়া টোল প্লাজায় ৮ নম্বর লেন দিয়ে প্রবেশ করে। টোল পরিশোধ করে বহরের ২৩টি গাড়ি সেতু অতিক্রম করে সকাল ৯টায়। 

সেতু অতিক্রমের সময় প্রধানমন্ত্রী আষাঢ়ের টইটম্বুর পদ্মার সৌন্দর্য উপভোগ করেন। সেতু পেরিয়ে সরকার প্রধান শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সার্ভিস এরিয়া -২ এ প্রায় আধা ঘণ্টা যাত্রা বিরতি করেন।

পরে ৯টা ৩২ মিনিটে গোপালগঞ্জের কোটালিপাড়ার উদ্দেশ্য রওনা হন। 

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা। এই নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. ইলিয়াস হোসেন বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হসিনা আমাদের প্রাণপ্রিয় অভিভাবক। তাঁর প্রতি টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষের আস্থা অবিচল। 

“প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার মানুষের খোঁজখবর রাখেন। এই অঞ্চলের মানুষও তাকে প্রাণের অধিক ভালবাসেন।” 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন।