২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে সংঘর্ষে আহত ৩০, মহাসড়ক ১ ঘণ্টা বন্ধ

“সংঘর্ষ চলাচলাকালে একে অপরের ওপর বৃষ্টির মত ইট-পাটকেল নিক্ষেপ করে।”

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2024, 10:52 AM

Updated : 11 Apr 2024, 11:06 AM

গোপালগঞ্জের সদর উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, উপজেলার গোপীনাথপুর ইউ‌নিয়‌নের বাসাব‌ড়ি ও কু‌টিবা‌ড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে বুধবার রাত ১০ দিকে এ সংঘর্ষ হয়।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় কয়েকটি দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল।

ওসি আনিচুর বলেন, “প্রথমে বাসাব‌ড়ি ও কু‌টিবা‌ড়ি গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাচলাকালে একে অপরের ওপর বৃষ্টির মত ইট-পাটকেল নিক্ষেপ করে। প্রায় দুই ঘন্টা ধরে চলা, দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।”

আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এলাকায় বাড়তি পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।