২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বিয়ের দাবিতে ‘প্রেমিকের’ বাড়িতে নারী

এ ঘটনার পর থেকে ওই যুবক গা ঢাকা দেওয়ায় তার বক্তব্য নেওয়া যায়নি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 07:48 PM

Updated : 16 Oct 2023, 08:30 PM

টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে অবস্থান করছেন তিন সন্তানের জননী এক নারী।

গত শনিবার থেকে উপজেলার এলেঙ্গা পৌর এলাকার হিজুলী গ্রামের যুবক আবুল হোসেনের বাড়িতে অবস্থান নেন তিনি।

ওই নারীর দাবি, প্রায় ৭ বছর ধরে আবুল হোসেনের সঙ্গে তার সম্পর্ক। বিয়ের প্রলোভনে আবুল একাধিকবার তার সঙ্গে যৌন সম্পর্ক করেন। কিন্তু বিয়ে না করে আবুল তার সঙ্গে প্রতারণা করায় কোনো উপায় না দেখে অবশেষে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

আবুল গা ঢাকা দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মুক্তার আলী বলেন, তিন সন্তানের মা ওই নারীর স্বামী মারা গেছেন। আর আবুল হোসেন ওয়ালটন কোম্পানিতে কর্মরত।

মুক্তার আলী আরও বলেন, ছেলেটির সঙ্গে ওই নারীর ঘটনার বিষয়ে মীমাংসার কথা থাকলেও এখন পর্যন্ত তা সম্ভব হয়নি, তবে সুষ্ঠু সমাধানের জন্য চেষ্টা চলছে।

কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মনির জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।