নাটোরে ট্রাক্টর ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ১
স্থানীয়রা গুরুতর আহত চারজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নাটোরের লালপুরে আখ বোঝাই ট্রাক্টর ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের লক্ষীপুর মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি মো. মোনায়ারুজ্জামান।
এ ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
আহতরা হলেন- বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর এলাকার দীপেনের ছেলে শ্রী দেবাশীষ, পাবনার ঈশ্বরদী উপজেলার শৈলপাড়া এলাকার আজম আলীর স্ত্রী বেদনা বেগম (৫০), একই এলাকার আজম আলীর মেয়ে আফরোজা (৩০), অপর এক আহত মহিলার পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি মো. মোনায়ারুজ্জামান বলেন, ঈশ্বরদী রোড থেকে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ বোঝাই ট্রাক্টর ও লালপুর থেকে ঈশ্বরদীগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।”
পরে বেদনা বেগম ও আফরোজার স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাদের ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যান।
ওসি মো. মোনায়ারুজ্জামান বলেন, “নিহত ব্যক্তি ও অজ্ঞাত আহত মহিলার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।“
