২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে জমির পর্চায় ঘুষ নেওয়ার অভিযোগ

হেড আমিনের ভাষ্য, “সিজনাল চাকরি আজকে চলে গেলে আবারও ছয় মাস পর ফেরত পাব; অতএব নিউজ করে কিচ্ছু হবে না।”

ঠাকুরগাঁওয়ে জমির পর্চায় ঘুষ নেওয়ার অভিযোগ

বিতরণের খবর শুনে জমির পর্চা নিতে আসা কয়েকজন।

মোঃ শাকিল আহমেদ

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 12:16 AM

Updated : 13 Aug 2023, 11:27 AM

ঠাকুরগাঁও সদর উপজেলায় জমির পর্চা বিতরণের দায়িত্বে থাকা এক হেড আমিনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।   

এ থেকে পরিত্রাণ চেয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

পৌর এলাকা ছাড়াও ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও সদর উপজেলা। আয়তন ২৬৪ দশমিক ৪৮ বর্গমাইল। এ উপজেলায় মৌজা রয়েছে ১৯৭টি।

উপজেলার সেটেলমেন্ট অফিসের তত্ত্বাবধানে ভূমি জরিপ শেষে জমির পর্চা বিতরণ কার্যক্রম চলছে।

সরেজমিনে সদরের সালন্দর ইউনিয়নে গিয়ে দেখা যায়, সপ্তাহখানেক ধরে চৌধুরীপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে জমির পর্চা বিতরণ করা হচ্ছে। আর এটি বিতরণের দায়িত্বে আছেন সেটেলমেন্ট অফিসের হেড আমিন শামসুর রহমানসহ দুজন।

তবে এলাকাবাসীর অভিযোগ, যারা টাকা দিতে পারছেন শুধু তারাই পর্চা পাচ্ছেন। টাকা না দিলে নানা রকম ভোগান্তি ছাড়াও অনেকে লাঞ্ছিত হচ্ছেন।

সালন্দর এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেন নামে এক কৃষক বলেন, বিতরণের কথা শুনে জমির পর্চা নেওয়ার জন্য আসেন তিনি।

কিন্তু এখানে হেড আমিন শামসুর রহমান জমির পর্চার জন্য ৫ হাজার টাকা দাবি করেন বলে জাহাঙ্গীর হোসেনের অভিযোগ। টাকা দিতে না পারায় জমির পর্চা মেলেনি তার।

চৌধুরীপাড়া গ্রামের দিনমজুর জয়লাল চন্দ্রের অভিযোগ, জমির পর্চা দেওয়ার কথা বলে শামসুর রহমান মানুষদের জিম্মি করছেন; হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।

একই অভিযোগ করেন ওই এলাকার কুলসুম বেগম নামে এক নারী।

তিনি বলেন, পর্চা আনতে টাকা না নিয়ে গেলে দুর্ব্যবহার করার পাশাপাশি লাঞ্ছিতও করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে শামসুর রহমানের ভাষ্য, “আমাদের এই চাকরি সিজনাল, আজকে চলে গেলে আবারও ছয় মাস পর ফেরত পাব; অতএব নিউজ করে কিচ্ছু হবে না।”

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো বলেন, “জমির পর্চা বিতরণে সেটেলমেন্ট অফিসের স্টাফদের টাকা নেওয়ার অসংখ্য অভিযোগ এসেছে। অনিয়ম বন্ধে সেটেলমেন্ট অফিসারকে বলা হয়েছে। তারা আশ্বাস দিলেও অনিয়ম থেমে নেই। বিষয়টি দুঃখজনক।”

সুশাসনের জন্য নাগরিক ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ বলেন, “জমির পর্চা বিতরণে সরকারিভাবে টাকা নেওয়ার কোনো বিধান নেই। তারপরও শোনা যাচ্ছে, পর্চা বিতরণে মানুষদের জিম্মি করে টাকা আদায় করা হচ্ছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।” 

ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার মো. তালেব আলী বলেন, “জায়গা-জমির কাজ, এগুলো করতে গিয়ে একপক্ষ খুশি হয়, অপরপক্ষ অখুশি হয়।”

তবে পর্চা বিতরণে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে তিনি বলেন, “আমাকে যদি কেউ অভিযোগ করেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান বলেন, “সরকারের নিয়ম অনুযায়ী মানুষকে সেবা প্রদান করতে হবে; আর এই সেবা প্রদান করতে গিয়ে কেউ যদি গ্রামের অসহায় মানুষদেরকে হয়রানি করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”