শুল্ক বৃদ্ধির প্রতিবাদে তামাবিল বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ
আমদানিকারক ব্যবসায়ীদের দাবি, বাড়তি শুল্ক দিয়ে পণ্য আমদানি করতে হলে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন।
ভারত থেকে আমদানির পাথরে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের শুল্ক বৃদ্ধির প্রতিবাদে তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে।
সোমবার থেকে এনবিআর পাথর আমদানির ওপর অতিরিক্ত শুল্ক বসায় বলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের যুগ্ম কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়ীদের পত্র দিয়ে বিষয়টি জানানো হয়েছে।”
এর প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীরা সিলেট বিভাগের ১৩টি শুল্ক স্টেশন দিয়ে পাথর আমদানি বন্ধ রেখেছেন।
এ সিদ্ধান্তের আগে তামাবিল স্থলবন্দরে স্থানীয় আমদানিকারক ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের এক মতবিনিময় সভা হয়।
এতে সভাপতিত্ব করেন তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী।
সভায় আমদানিকারক গ্রুপটির সহ সভাপতি মো. জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন (ছেদু), যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সদস্য জাকির হোসেন, আব্দুল করিম রাসেল, সৈয়দ শামীম আহমদসহ আমদানিকারক ব্যবসায়ীরা ছিলেন।
জাহাঙ্গীর আলম জানান, জাতীয় রাজস্ব বোর্ড সিলেট অঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে ভারত থেকে আমদানি করা বোল্ডার স্টোনে নতুন করে প্রতি মেট্রিক টনে ১৩ ডলার, স্টোন চিপসে ১৪ ডলার এবং লাইম স্টোনে ১৩ দশমিক ৫০ ডলার করে অতিরিক্ত শুল্ক বসায়।
তিনি আরও জানান, সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট গত ৪ জানুয়ারি এক পত্রে সোমবার থেকে এই হারে শুল্কায়ন ধার্য করে।
আমদানিকারক গ্রুপের লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, “জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর ভারত থেকে প্রতি মেট্রিক টন পাথর ও চুনাপাথর আমদানির ওপর অ্যাসেসমেন্ট ভ্যালু বৃদ্ধি করে।”
তার দাবি, বাড়তি শুল্ক দিয়ে পণ্য আমদানি করতে হলে আমদানিকারক ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন।
প্রতিবাদে তামাবিলসহ সিলেটের সবকটি বন্দর ও শুল্ক স্টেশন দিয়ে পাথর ও চুনপাথর পাথর আমদানি বন্ধ রাখা হয়েছে।
এদিকে, তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “সোমবার থেকে আমাদের স্থলবন্দর বন্ধ রয়েছে। ফলে আমরা কাজ পাচ্ছি না। প্রায় কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছি; অনেকেই অনাহারে আছি। অচিরেই যেন স্থলবন্দর খোলা হয়, এটাই আমাদের চাওয়া।”
সিলেট বিভাগে ১৩টি শুল্ক স্টেশন দিয়ে পাথর, চুনাপাথর, কয়লাসহ বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি হয়।
এর মধ্যে সিলেটের গোয়াইনঘাটের তামাবিল, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ, শেওলা, সুতারকান্দি।
সুনামগঞ্জের তাহিরপুরের বাগলি, বড়ছড়া ও চারাগাঁও; ছাতকের ইছামতী ও চেলা স্টেশন দিয়ে চুনাপাথর ও পাথর আমদানি হয়ে থাকে।
