Published : 17 Aug 2023, 11:58 AM
মাদারীপুরের শিবচরে অন্যত্র বিয়ের এক সপ্তাহ আগে এক তরুণীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর ওপর। এসিডে ওই নারীর মাথা মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে শিবচর উপজেলার মাদবরচরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি আনোয়ার হোসেন।
ভুক্তভোগী সাদিয়া আক্তার (২০) ওই এলাকার লিটু হাওলাদারের মেয়ে। বছর চারেক আগে প্রেমের সম্পর্কের জেরে তার সঙ্গে একই ইউনিয়নের সিরাজ শিকদারের ছেলে সুমন শিকদারের (২৬) বিয়ে হয়। সুমন স্পিডবোট চালক। তাদের একটি কন্যা সন্তান আছে।
ওসি আনোয়ার জানান, সুমন মাদকসেবী হওয়ার কারণে সংসার জীবনের শুরু থেকেই তাদের অশান্তি লেগেই ছিল। সম্প্রতি এই দ্বন্দ্ব চরম আকার ধারণ করলে তাদের তালাক হয়ে যায়। কিন্তু এরপরও সুমন দফায় দফায় সাদিয়ার বাবার বাড়িতে এসে ঝামেলা করত।
এই নিয়ে সাদিয়া থানায় অভিযোগ করলে শিবচর থানার এসআই ইজারত হোসেনকে ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়। পুলিশ সুমনের বাড়িতে গিয়ে ভবিষ্যতে সাদিয়াকে বিরক্ত না করতে সতর্ক করে আসে।
“এর মধ্যে আগামী সপ্তাহে সাদিয়ার অন্যত্র বিয়ে হওয়ার কথা ছিল। এই নিয়ে সুমন খুব ক্ষিপ্ত হয়ে উঠে। বুধবার রাতে সুমন তার কয়েকজন সহযোগীকে নিয়ে বাড়িতে গিয়ে সাদিয়ার ওপর অ্যাসিড ছুড়ে মারে। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।“
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকুর রহমান বলেন, “আক্রান্ত নারীর মাথা মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। পোড়ার ধরন দেখে মনে হয়েছে অ্যাসিড জাতীয় কোন পদার্থ তার গায়ে লেগেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠিয়েছি।”
সাদিয়ার বাবা লিটু হাওলাদার বলেন, “আমার মেয়ে নাতনিকে নিয়ে ঘরে খেলছিল। এমন সময় সুমন ঘরে এসে সাদিয়ার মাথায় অ্যাসিড ঢেলে দেয়। এতে ওর মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। দ্রুত আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে।”
ওসি আনোয়ার বলেন, “এখনো থানায় কোনো অভিযোগ না হলেও আগেই সুমন শিকদারের বিরুদ্ধে একটি জিডি করা রয়েছে। সাদিয়ার পরিবারের সদস্যরা থানায় আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”