মাদারীপুরে ডেঙ্গুতে প্রথম প্রাণ গেল শিশুর
এখন পর্যন্ত জেলায় ৮৭৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫৮ জন।
মাদারীপুরে ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন মুনীর আহমেদ খান।
মৃত আরিফা আক্তার (৯) সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাধার বাড়ি গ্রামের জহুরুল হকের মেয়ে।
সিভিল সার্জন জানান, জ্বরে আক্রান্ত আরিফাকে শনিবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। সে অনুযায়ীই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে দুপুরের দিকে শিশুটি মারা যায়।
মাদারীপুর জেলায় শিশু আরিফাই ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মারা গেল বলে জানান মুনীর আহমেদ খান।
মাদারীপুর সদর হাসপাতালের পরিসংখ্যানবিদ মীর রিয়াজুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত জেলায় ৮৭৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছে এবং ৭৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
