২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণ-আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে: ফরিদপুরে শামা ওবায়েদ

সরকারকে উদ্দেশ করে বিএনপির এ নেত্রী বলেন, “নির্বাচন করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।”

ফরিদপুর প্রতিনিধি

Published : 18 Aug 2023, 08:24 PM

Updated : 18 Aug 2023, 08:24 PM

গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তিনি বলেছেন, “আওয়ামী লীগের কারণে আজ দেশের মানুষ ভোট দেওয়া ভুলে গেছে। আমরা ভোটাধিকার পুনরুদ্ধার জন্য রাস্তায় এসেছি। আমাদের একটাই কর্মসূচি এখন এই সরকারের পতন।”

শুক্রবার বিকালে ফরিদপুর শহরের কাঠপট্টি এলাকার বিএনপির কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ করে বিএনপির এ নেত্রী বলেন, “জনগণের পালস বোঝার চেষ্টা করুন। নির্বাচন করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।”

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া।

এ ছাড়াও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান মাসুক, সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্যসচিব একে কিবরিয়া স্বপন।

সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রহ্মসমাজ সড়কে গিয়ে শেষ হয়।