২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা: প্রতি আসনে লড়েছে ২৩ জন

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আটটি বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ৫৪৮টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮১ হাজার ২১৯ জন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 05:03 PM

Updated : 05 Aug 2023, 05:03 PM

গুচ্ছ পদ্ধতিতে আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ২৩ জন। 

শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মো. মজনু মিয়া জানান।

তিনি বলেন, অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের মত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আটটি বিশ্ববিদ্যালয়ে মোট তিন হাজার ৫৪৮টি আসনের বিপরীতে ১১টি কেন্দ্রে মোট ৮১ হাজার ২১৯ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। 

এ দিকে পরীক্ষার হল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. গিয়াসউদ্দীন মিয়া। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার তোফায়েল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও প্রক্টর উপস্থিত ছিলেন। 

সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।