সিরাজগঞ্জে ট্রাক চাপায় গেল ২ বাইক আরোহীর প্রাণ
মোটরসাইকেলে করে জেলা সদরের সয়দাবাদ ইউনিয়নের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাক তাদের চাপা দেয় বলে জানায় পুলিশ।
সিরাজগঞ্জ সদর উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ৩টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ি আঞ্চলিক সড়কের পাইকপাড়া ঠাকুরটেক মোড়ে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান।
নিহতরা হলেন- সদর উপজেলার রামগাঁতি গ্রামের শাহ জামালের ছেলে শুভ (২০) এবং একই গ্রামের মোন্নাফ শেখের ছেলে স্বপন (২০)।
স্থানীয়দের বরাতে ওসি সিরাজুল জানান, শুভ ও স্বপন মোটরসাইকেলে করে সয়দাবাদ ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। পথে মুলিবাড়ি থেকে শহরগামী বালুবাহী একটি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
ঘটনার পরপর চালক পালিয়ে গেলেও ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে; এ ঘটনায় মামলাও হয়েছে বলে জানান ওসি সিরাজুল।
