২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটা, আটক ৪

ফেনী মডেল থানার ওসি বলেন, ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে লাঠিপেটা করে পুলিশ।

ফেনীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটা, আটক ৪

ফেনীতে ছাত্রদলেল মিছিলে পুলিশের লাঠিপেটা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 05:48 PM

Updated : 18 Jun 2023, 05:48 PM

ছাত্রদল নেত্রী নুসরাত নাদিয়ার ওপর হামলা ও মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ উঠেছে।

রোববার সকালে শহরের শহীদুল্লা কায়সার সড়কের জয়কালী মন্দির মার্কেটের সামনে পুলিশ বিনা উসকানিতে লাঠিপেটা করে বলে অভিযোগ করেন ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন।

এসময় দলের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলেও দাবি তার।

তবে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, মিছিলের সময় ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করে পুলিশ। সেখান থেকে চারজনকে আটকও করা হয়।

আটক চারজন হলেন- ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন, পৌর ছাত্রদল নেতা শরিফ, ছনুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা জসিম এবং ধর্মপুর ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয়।

এদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানিয়েছেন ওসি।

মোর্শেদ আলম মিলন বলেন, “কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী নুসরাত নাদিয়ার ওপর হামলা ও মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সকালে শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্ট থেকে মিছিল বের হয়ে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে যাওয়ার কথা ছিল। কিন্তু মিছিলটি শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জয়কালী মন্দির মার্কেটের সামনে পৌঁছলে বিনা উসকানিতে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

“এসময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া পুলিশ ধাওয়া করে চারজনকে আটক করেছে।”

বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল, সাইফুল ইসলাম জিকু, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী সুমন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্যসচিব নজরুল ইসলাম, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবুল হালিম মানিক, ফেনী পৌর ছাত্রদলের সদস্যসচিব ইব্রাহিম হোসেন ইবু, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব, সোনাগাজী পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম রিংকু, ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইব্রাহিম মিয়াজি নয়নসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

ফেনী জেলা ছাত্রদলের মিছিলে পুলিশের হামলা ও গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের আটক নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।