সাতক্ষীরার শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ঘের মালিক আটক
এলাকাবাসী পুলিশ তদন্ত কেন্দ্র ও ঘটনাস্থলে ভিড় করে এ ঘটনার বিচার দাবি করেন।
সাতক্ষীরার আশাশুনিতে প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ঘের মালিককে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালের এ ঘটনায় অসুস্থ শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিয়াবুল ইসলাম জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে ধর্ষণ চেষ্টাকারী ঘের মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুনছুর আলীকে আটক করেছে।
এলাকাবাসীর বরাতে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, পুকুরে মাছ ধরার সময় টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে মুনছুর শিশুটিকে ঘরে নিয়ে যায় এবং যৌন নিপীড়নের চেষ্টা চালায়। পরে এলাকাবাসী জড়ো হয়ে তার শাস্তির দাবি জানায়। তারা পুলিশ তদন্ত কেন্দ্র ও ঘটনাস্থলে ভিড় করে এ ঘটনার প্রতিবাদ জানায়।
শিশুটির মা পুলিশে অভিযোগ করেছেন, মুনছুর পাঁচ টাকা দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে যায়। পরে যৌন নির্যাতনের সময় চিৎকার করলে শিশুটিকে ছেড়ে দেয় এবং কাউকে না জানানোর বলে। শিশুটি বাড়িতে এসে বললে তারা ঘটনা জানতে পারেন।
আশাশুনি থানার ওসি মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে প্রাথমিক তদন্ত শেষে মুনছুরকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
