নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় ৩৭ ডেঙ্গু রোগী শনাক্ত
জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৬২৪ রোগী।
নরসিংদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী; জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বেসরকারি হাসপাতালে চার ও সরকারি হাসপাতালে ৩৩ নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন আরও বলেন, শনাক্তদের মধ্যে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ১০২ ডেঙ্গু রোগীর ভর্তি রয়েছেন।
তিনি বলেন, “এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৫৮, সদর হাসপাতালে ২৯, মনোহরদী উপজেলায় এক, পলাশ উপজেলায় আট ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় রোগী ভর্তি রয়েছেন।”
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২০ রোগী হাসপাতাল ছেড়ে গেছেন বলে জানান তিনি।
নূরুল ইসলাম বলেন, প্রতিদিন ডেঙ্গু জ্বর ও উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। শহরের পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৬২৪ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে; এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ জনের।
