২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুসরাতের খুনির স্বজনদের মানববন্ধন, নিরাপত্তার দাবি বাদীর

ফেনী প্রেসক্লাবের নীচে মানববন্ধন করেন নুসরাত হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্তদের স্বজনরা।

নুসরাতের খুনির স্বজনদের মানববন্ধন, নিরাপত্তার দাবি বাদীর

ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নুসরাত জাহান রাফি হত্যা মামলার বাদী মাহমুদুল হাসান রাফি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 06:52 PM

Updated : 16 Oct 2022, 07:09 PM

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী। এ সময় তিনি ও তার পরিবারের নিরাপত্তার দাবিও করেন।    

রোববার সকালে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

এদিকে দুপুরে সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর পরই ফেনী প্রেসক্লাবের নীচে ব্যানার-ফেস্টুন হাতে মানববন্ধনে দাঁড়ান নুসরাত হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্তদের স্বজনরা। তারা সেখানে মামলাটির পুনরায় তদন্ত দাবি করেন।

তারা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্যাতন করে আসামিদের কাছ থেকে জবানবন্দি নিয়েছেন। তারা মামলা সংশ্লিষ্ট এসব কর্মকর্তার বিচারও দাবি করেন।

পরে এসব দাবি জানিয়ে ১৬ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে ১৬ জন স্বজনের স্বাক্ষর করা একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়।

এর আগেও বিভিন্ন সময়ে হুমকি পাওয়ার কথা জানিয়েছিল নুসরাতের পরিবার। নিরাপত্তার দাবিতে ২৯ সেপ্টেম্বর মামলার বাদী সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।

নোমান অভিযোগ করেন, একটি জাতীয় দৈনিকের সোনাগাজী উপজেলা প্রতিনিধি ও বিদেশে অবস্থানরত একজন সাংবাদিক নুসরাত হত্যা নিয়ে বিভ্রান্তি ছাড়াচ্ছেন। তারা এটিকে ‘আত্মহত্যা’ ও ‘দুর্ঘটনা’ হিসেবে প্রচার করে তাদের ফেইসবুকে ভিডিও আপলোড করছেন।

বাদীর দাবি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কাছ থেকে সুবিধা নিয়ে এই দুই সাংবাদিক আদালতের রায়কে প্রশ্নবিদ্ধ করা এবং জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাদের প্ররোচনাতেই ১ অক্টোবর সাজাপ্রাপ্ত আসামিদের মুক্তি দাবি করে স্বজনরা সোনাগাজীতে মানববন্ধন করেন। এতে নুসরাতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।  

সংবাদ সম্মেলনে বাদী বলেন, এটি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার গভীর ষড়যন্ত্রের অংশ। তাই তিনি এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে ২০১৯ সালে আলিম পরীক্ষা দিচ্ছিলেন নুসরাত। ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন তিনি। ওই ঘটনায় নুসরাতের মা মামলা করার পর ওই বছরের গত ২৭ মার্চ পুলিশ গ্রেপ্তার করে অধ্যক্ষ সিরাজকে।

সিরাজ গ্রেপ্তার হওয়ার পর তার পক্ষে নামে স্থানীয় প্রভাবশালীরা। তার মুক্তি দাবিতে মানববন্ধনেও সক্রিয় ছিল মাদ্রাসার কিছু শিক্ষার্থী। মামলা তুলে নিতে ক্রমাগত হুমকিও দেওয়া হচ্ছিল।

এর মধ্যেই ২০১৯ সালের ৬ এপ্রিল পরীক্ষা শুরুর আগে পরীক্ষা কেন্দ্র সাইক্লোন শেল্টারের ছাদে নুসরাতকে কৌশলে ডেকে নিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ নুসরাতকে ঢাকায় এনে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল; টানা পাঁচ দিন যন্ত্রণা সহ্য করে ১০ এপ্রিল মারা যান তিনি।

নুসরাতের গায়ে আগুন দেওয়ার দুদিন পর তার ভাই মাহমুদুল হাসান নোমান আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেন। নুসরাতের মৃত্যুর পর এটি হত্যা মামলায় পরিণত নেয়।

একই বছরের ২৪ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪ (১)/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন বিচারক। মামলাটি উচ্চ আদালতে রয়েছে। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা (৫৭), নূর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), পৌর কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি ওরফে সম্পা ওরফে চম্পা (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাদ্রাসার সাবেক সহ-সভাপতি রুহুল আমিন (৫৫), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)।

আরও পড়ুন:

নুসরাত হত্যায় ১৬ আসামির সবার মৃত্যুদণ্ড  

যেভাবে নুসরাত হত্যা  

নুসরাত হত্যার আসামিরা ‘বিষোদগার’ ছড়াচ্ছে, অভিযোগ পরিবারের

ফেনীতে মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা, গ্রেপ্তার ৭

দগ্ধ মাদ্রাসাছাত্রীকে সিঙ্গাপুরে পাঠাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পুড়িয়ে হত্যার চেষ্টা: ফেনীর নুসরাত লাইফ সাপোর্টে

মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টাকারীদের বিচার হবে: শিক্ষামন্ত্রী

ফেনীর মাদ্রাসা ছাত্রীর গায়ে আগুন: অধ্যক্ষ বরখাস্ত, তদন্তে কমিটি

মাদ্রাসা অধ্যক্ষের নামে শ্লীলতাহানির মামলা, ছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা

নুসরাতের খাতার পাতায় অধ্যক্ষের যৌন নিপীড়নের বর্ণনা

নুসরাত হত্যাকাণ্ডের পেছনে রয়েছে স্থানীয় রাজনীতিও: ডিআইজি

নুসরাতের গায়ে আগুন ধরিয়েছিল ৫ জন: পিবিআই

অধ্যক্ষের সঙ্গে সাক্ষাতের পর ‘বৈঠক করে’ নুসরাতের গায়ে আগুন

আদালতেও হুমকি দিচ্ছে নুসরাতের ‘খুনিরা’, অভিযোগ ভাইয়ের