২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ককটেল বিস্ফোরণে আনসার, অস্ত্রের আঘাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আহত

আহতদের একজনকে যশোর পুলিশ লাইন্স হাসপাতালে ও আরেকজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ককটেল বিস্ফোরণে আনসার, অস্ত্রের আঘাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আহত

যশোরের শার্শা পাইলট বিদ্যালয় কেন্দ্র।   

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 12:59 PM

Updated : 07 Jan 2024, 01:11 PM

যশোরের একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে আনসার সদস্য আহত এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

রোববার সকাল ৭টা ১৫ মিনিটে যশোর-৩ আসনে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সাড়ে ৯টায় যশোর-৫ আসনে মনিরামপুর উপজেলার হেলাঞ্চিতে কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ সব ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ১৯ বছর বয়সী মারুফ হোসেনকে যশোর পুলিশ লাইন্স হাসপাতালে ও ৪৫ বছর বয়সী মশিউর রহমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

যশোরে সকাল ৮টায় ভোট শুরুর পর পরই ভোটারদের কেন্দ্রে আসতে দেখা গেছে। জেলার ছয়টি সংসদীয় আসনের ৮২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুর রহিম বলেন, “ছুড়ে মারা একটি ককটেল স্কুল ভবনের দ্বিতীয় তলার বারান্দার রেলিং এসে বিস্ফোরিত হয়। এ সময় কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার সদস্য মারুফ হোসেন আহত হন। 

“প্রথমে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর পুলিশ লাইন্স হাসপাতালে নেওয়া হয়।” 

Image

যশোর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর সমর্থক মশিউর রহমানকে

যশোর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী বলেন, “কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আমার সমর্থক মশিউর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বত্তরা। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।” 

এ বিষয়ে জানতে যশোরের পুলিশ সুপার বেলাল হোসাইন ও কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। 

যশোরে ২৩ লাখ ৩৯ হাজার ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।